‘১১ দিন বয়সে আমার ছেলে বাবাকে হারিয়েছে। এখন সে বাবা ডাকতে পারে। হাজারবার বাবা ডাকলেও সাড়া মেলে না। না ফেরার দেশে তার বাবাকে পাঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ১১ বছর পার হলেও স্বামী হত্যার বিচার পাইনি। ছেলেমেয়েকে বলতে পারি না তার বাবার হত্যাকারীদের বিচার কবে হবে।’
কথাগুলো বলছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তৎকালীন দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘স্বামীকে হারিয়েছি। ছেলেমেয়েদের হারাতে চাই না। তাই ১১ বছর ধরে গ্রামছাড়া।’
ফারুক মাহমুদ সিদ্দিকীর স্ত্রীর মতো বিচার থমকে থাকায় আক্ষেপ করেন নিহত আরেক আওয়ামী লীগের নেতা সোলায়মান খানের স্ত্রীও। তিনি বলেন, ‘প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার বিচার কবে পাব জানি না।’
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের দুই নেতা হত্যার মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। ধার্য দিনে সাক্ষীদের হাজির করে দ্রুত শেষ করা হবে।’
জানা গেছে, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি হাটহাজারীর বুড়িশ্চর এলাকায় ঈদুল আজহার দিন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খানকে বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যান শিবির ক্যাডার গিয়াস হাজারিকা, গিট্টু নাছির, হাবিব খান ও ফয়েজ মুন্না।
এ ঘটনায় নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর মা শায়রা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে আসামি গিয়াস হাজারিকা, গিট্টু নাছির ও ফয়েজ মুন্না কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বাকি আসামি হাবিব খান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে পলাতক রয়েছেন। মামলার বাদীও দেখে যেতে পারেননি হত্যাকাণ্ডের বিচার। বছর কয়েক আগে তিনি মারা যান।
বর্তমানে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। তবে ধার্য দিনে সাক্ষীরা হাজির না হওয়ার বিচার থমকে আছে।
এদিকে ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে এসেছিলেন নিহতের বাড়িতে। এ সময় নেত্রী নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর ১১ দিন বয়সের শিশুছেলে চিশতীকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘আজ থেকে দুই পরিবারের দায়িত্ব আমি নিলাম। খুনিদের বিচারের আওতায় আনা হবে।’
কিন্তু শেখ হাসিনা তিন দফায় ক্ষমতায় থাকলেও বিচারের কোনো কিনারা হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ‘খুনিদের বিচারের আওতায় আনা না হলে অপরাধ বাড়তে থাকবে। দুই ত্যাগী নেতা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে রাষ্ট্রপক্ষকে অনুরোধ করা হবে।’