১১ বছরে চাকরি স্থায়ী হয়নি বিশেষ আনসারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোপন চরমপন্থী সংগঠনের সঙ্গে ছিলেন তাঁরা। ১৯৯৯ সালে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণের সুযোগ নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কথা ছিল, আত্মসমর্পণের পর পুনর্বাসন করা হবে। সে অনুযায়ী যাচাই-বাছাই করে ৭৮৬ জনকে আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় ‘বিশেষ আনসার’ হিসেবে। কিন্তু ১১ বছরেও তাঁদের চাকরি স্থায়ী হয়নি।বিশেষ আনসারদের অভিযোগ, তাঁদের আনসার কর্তৃপক্ষ কখনো ভালোভাবে গ্রহণ করেনি। সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা যেসব সুযোগ-সুবিধা পান, তা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।বিশেষ আনসারদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার তাঁদের পুনর্বাসন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৯৯৯ সালে সরকারের আহ্বানে আত্মসমর্পণকারী দুই হাজার ১২৬ জন চরমপন্থী সদস্যের মধ্য থেকে বাছাই করে ৭৮৬ জনকে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তাঁদের চাকরি আর স্থায়ী করেনি। নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষ আনসার-সদস্য প্রথম আলোকে বলেন, ‘আমরা বেতন পাচ্ছি পাঁচ হাজার ৪০০ টাকা, কিন্তু অন্যরা পাচ্ছে সাত হাজার ২০০ টাকা। এ ছাড়া আমাদের চাকরি আনসার বাহিনীতে ন্যস্ত হলেও আমরা আমাদের পোশাক, জুতাসহ কোনো কিছুই আনসার থেকে পাচ্ছি না।’ তিনি বলেন, গত ১৬ মে এক আদেশে বেতন-কাঠামোবহির্ভূত আনসার ও ভিডিপি সদস্যদের ভাতা ৩০ শতাংশ বাড়ানো হয়। সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসাররা এ সুযোগ-সুবিধা পেলেও বিশেষ আনসাররা তা পাচ্ছেন না।এ বছরের ১৭ ফেব্রুয়ারি ২৬৬ জন বিশেষ আনসার সদস্য ১৩ জন মন্ত্রী-সাংসদের সুপারিশসহ একটি আবেদন প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। ওই আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৩০ মার্চ স্বরাষ্ট্রসচিব বরাবর এবং পরে আনসার সদর দপ্তরে পাঠানো হয়।অভিযোগ রয়েছে, বিশেষ আনসারদের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে আনসার কর্তৃপক্ষের আগ্রহ কম। তাই বিশেষ আনসারদের নিয়োগের সময় আনসার একাডেমির মতামত নেওয়া হয়নি এবং বয়স, উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় তাঁদের স্থায়ী করা যাচ্ছে না বলে মতামত দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে বিশেষ আনসাররা হতাশ হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় ৪০৭ জনকে চাকরিচ্যুত করা হয়। তাঁদের অনেকেই আবার চরমপন্থী দলের সঙ্গে যুক্ত হয়েছেন। দিনের পর দিন বৈষম্যের শিকার হওয়ায় তাঁদের সন্তানদেরও অন্ধকার পথে যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে আনসারের ঢাকা বিভাগের পরিচালক ও বিসিএস আনসার অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ ফিরোজ খান প্রথম আলোকে বলেন, বিশেষ আনসাররা শুধু প্রশিক্ষণটুকুই আনসার একাডেমির কাছ থেকে নিয়েছেন। এর বাইরে আনসারের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁরা তাঁদের বেতন-বরাদ্দ সবই পাচ্ছেন পুলিশের কাছ থেকে। চাকরি স্থায়ীকরণ বা সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আনসার কর্তৃপক্ষের তেমন কিছু করার নেই।