১১ বছরে দেশে এসিডদগ্ধ হয়েছেন ৩১৩৫ জন
কুমিল্লার ১৬টি উপজেলায় ১১ বছরে ১০৫ জন এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এর মধ্যে নারী ৪৩ জন, পুরুষ ২৭ জন ও ২২টি শিশু রয়েছে। এ ছাড়া এসিডদগ্ধ হয়ে মারা গেছেন ১৩ জন। গত বছর কুমিল্লায় এসিডে আক্রান্ত হয়েছেন তিনজন। দেশে এসিড-আক্রান্ত জেলাগুলোর মধ্যে কুমিল্লার অবস্থান ১২তম। আর সারা দেশে ১১ বছরে ৩ হাজার ১৩৫ জন এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। সম্প্রতি কুমিল্লার বেসরকারি সংস্থা এইড-কুমিল্লা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সন্ধ্যা সাতটায় কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম। উপস্থিত ছিলেন শাহ মো. আলমগীর খান, দিলনাশি মোহসেন, মাহমুদা আক্তার, একই সংগঠনের সহসভাপতি সৈয়দ নূরুর রহমান ও সদস্য মাসুক আলতাফ চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সারা দেশে তিন হাজার ১৩৫ জন এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এর মধ্যে শুধু গত বছর দেশে এসিডে আক্রান্ত হন ১৫৩ জন। প্রেমে ব্যর্থতা, পূর্বশত্রুতা, জায়গা-জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।