গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলার পর প্রায় এক যুগ পার হতে চলেছে। কিন্তু ওই ঘটনার এখনো কোনো সুরাহা হয়নি। দীর্ঘ এ সময়ে বিচারকাজ শেষ হওয়া তো দূরের কথা, সংশ্লিষ্ট মামলার তদন্তই শেষ হয়নি।অনুসন্ধানে জানা যায়, ২০০১ সালের ৩ জুন সাপ্তাহিক প্রার্থনা অনুষ্ঠানের সময় ওই ক্যাথলিক গির্জায় বোমা হামলা হয়। এতে ১০ ধর্মপ্রাণ খ্রিষ্টান নিহত ও অর্ধশত ব্যক্তি আহত হন। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের বিরুদ্ধে এ হামলা চালানোর অভিযোগ ওঠে। হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলার তদন্তভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে। দীর্ঘ ১১ বছর পরও এর তদন্তকাজ শেষ হয়নি।তবে, এ সময় ১১ বার তদন্ত কর্মকর্তার পরিবর্তন হয়েছে। বর্তমানে মামলায় ১২তম তদন্ত কর্মকর্তা হিসেবে গোপালগঞ্জ সিআইডির পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামান তদন্ত করছেন।এসব মামলায় কোনো এজাহারভুক্ত আসামি না থাকলেও হত্যা মামলায় ১৮ জনকে ও বিস্ফোরক মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের মধ্যে হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, সংগঠনের সামরিক কমান্ডার মাওলানা রউফ, মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা শেখ ফরিদের মতো ব্যক্তিরা আছেন।সিআইডি সূত্রে জানা যায়, বোমা হামলার দিন গির্জার তৎকালীন ইতালিয়ান ফাদার মিমেঞ্চা পিটানজা বাদী হয়ে মুকসুদপুর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করেন। থানার তখনকার পরিদর্শক ফিরোজ আহমেঞ্চদ তদন্ত শুরুর ১৭ দিনের মাথায় তদন্তভার সিআইডির হাতে ন্যস্ত হয়। ফরিদপুর জোনের সহকারী পরিদর্শক মো. মাওলা বক্স তদন্তের দায়িত্ব পান। পরে ২০০৩ সালে দুই দফায় সহকারী পরিদর্শক দুলাল উদ্দিন আখন্দ ও সিআইডির গোপালগঞ্জ ক্যাম্পের পরিদর্শক আবুল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।২০০৪ সালে তদন্তের দায়িত্ব পান গোপালগঞ্জ ক্যাম্পের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। তিনি প্রায় দুই বছর এ দায়িত্বে ছিলেন। ২০০৬ সালে প্রথম দফায় উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন ও শেষে পরিদর্শক ফজলুল হক, ২০০৭ সালে ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, ২০০৮ সালে প্রথম দফায় পুলিশ সুপার মোজামেঞ্চল হক, দ্বিতীয় দফায় সহকারী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও শেষে সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং সর্বশেষ ২০১০ সালের ১৭ জানুয়ারি গোপালগঞ্জ সিআইডি ক্যাম্পের পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামানকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, গির্জায় হামলার ধরন ও ব্যবহূত বিস্ফোরক বিশ্লেষণে মনে হয় এটি হরকাতুল জিহাদের কাজ। দেশে বিদেশি আটক জঙ্গিদের জবানবন্দি পর্যালোচনা করলেও বিষয়টি পরিষ্কার হয়। তবে, পালিয়ে থাকা আসামিদের ধরে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরি করা যাচ্ছে না।এদিকে, গতকাল রোববার দিবসটি পালন উপলক্ষে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায় ও বানিয়ারচর গির্জা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।