১১ বছরে ২৮টি বাঘ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে হরিণের পাশাপাশি বাঘ শিকারের প্রবণতা বেড়ে গেছে। সুন্দরবন বন বিভাগের তথ্যমতে, গত ৩১ বছরে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় ৬১টি বাঘ মারা পড়েছে। এর ২৮টি মারা পড়েছে ১১ বছরে।বেশির ভাগ বাঘ মারা পড়েছে চোরাই শিকারিদের হাতে। কিছু বাঘ খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়লে লোকজনের পিটুনিতে মারা পড়ে। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ও নিরাপত্তাহীনতার কারণেও বাঘের মৃত্যুহার বেড়ে চলেছে। এসব কারণে সুন্দরবনে বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে প্রথম আলোকে বলেন, ২০০১-২০১১ সাল পর্যন্ত শুধু পূর্ব সুন্দরবনে ১৬টি বাঘ মারা পড়েছে। এর মধ্যে সাতটি মারা পড়েছে ঘূর্ণিঝড় সিডরে ও স্থানীয় লোকজনের হাতে। বাকিগুলো চোরাই শিকারিদের হাতে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ জানান, গত ১১ বছরে পশ্চিম সুন্দরবনে ১২টি বাঘ মারা পড়েছে। সুন্দরবন বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮০ থেকে ২০১১ সালের জুলাই পর্যন্ত সুন্দরবনে বিভিন্ন কারণে ৬১টি বাঘ মারা গেছে। এর মধ্যে ১৯৮০-২০০০ পর্যন্ত ২০ বছরে ৩৩টি এবং ২০০১-২০১১ সালের জুলাই পর্যন্ত ১১ বছরে ২৮টি বাঘ মারা পড়ে। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের তথ্যমতে, গত ৩১ বছরে মৃত বাঘের সংখ্যা এক শর বেশি হবে।২০০৪ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী, সুন্দরবনে ৪৪০টি বাঘ রয়েছে। এর মধ্যে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ৮৯টি পুরুষ ও ১৭০টি স্ত্রী বাঘ এবং ১২টি বাচ্চা রয়েছে। এ ছাড়া বাগেরহাটের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় ৩২টি পুরুষ ও ১২৮টি স্ত্রী বাঘ এবং নয়টি বাচ্চা ছিল।যেভাবে শিকার হয় বাঘ: সুন্দরবনসংলগ্ন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে চোরাই শিকারিদের ঘাঁটি রয়েছে। কয়েকজন শিকারির সঙ্গে কথা বলে জানা গেছে, ফাঁদ পেতে বা টোপ দিয়ে বাঘ শিকার করা হয়। এ ক্ষেত্রে ফাঁদে একটি হরিণ বেঁধে রাখা হয়। আবার শূকর বা ছাগল মেরে মড়ির গায়ে বড় বড় বড়শি ঢুকিয়ে টোপ পেতে রাখা হয়। শিকারিরা তখন গাছের ওপর ঘাপটি মেরে বসে থাকেন। মড়ি খেতে আসা বাঘ ফাঁদে আটকা পড়লে পিটিয়ে বা গুলি করে হত্যা করা হয়। মৃত বাঘের শরীর থেকে চামড়া, মাথার খুলি, দাঁত, হাড়সহ অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করা হয়। এসব অঙ্গপ্রত্যঙ্গ চড়া দামে কিনে নেয় আন্তর্জাতিক চোরাকারবারিরা। আন্তর্জাতিক বাজারে একটি পূর্ণবয়স্ক বাঘের চামড়ার দাম তিন লাখ টাকার বেশি। বাঘের হাড় প্রতি কেজি প্রায় এক লাখ টাকা হয় বলে শিকারিরা জানিয়েছেন।বিশেষজ্ঞদের শঙ্কা: বন ও পরিবেশ মন্ত্রণালয় ২০০৯ সালে প্রণীত টাইগার অ্যাকশন প্ল্যানের তথ্যানুযায়ী, পৃথিবী থেকে গত ১০০ বছরে ৯৭ শতাংশ বাঘ হারিয়ে গেছে। বর্তমানে পৃথিবীতে তিন হাজার বাঘ রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) রেডবুকে বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগারকে অতিমাত্রায় বিপন্ন দেখানো হয়েছে। নিকট-ভবিষ্যতে এ প্রজাতির বাঘ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে বলে সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম বলেন, পাকিস্তান আমলে তখনকার ১৭টি জেলার ১৩টিতে বিভিন্ন প্রজাতির বাঘ ছিল। আর এখন আছে শুধু সুন্দরবনে। এখন সারা বিশ্বে মাত্র ১৩টি দেশে বাঘের বিচরণ রয়েছে। তিনি আরও বলেন, ‘২০০৪ সালের জরিপ অনুযায়ী, সুন্দরবনে ৪৪০টি বাঘের অস্তিত্ব আছে বলে ধারণা পাওয়া গিয়েছিল। কিন্তু এরপর গোচরে-অগোচরে মারা পড়ার পর এখন কী পরিমাণ বাঘ সুন্দরবনে আছে এবং সেগুলো কীভাবে আছে সে সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি না।’