১১ বছরেও আদায় হয়নি ঋণ সহায়তার ৪৩ লাখ টাকা
দিনাজপুরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের দেওয়া ঋণের ৪৩ লাখ ১৮ হাজার ৩৩০ টাকা ১১ বছরেও আদায় হয়নি। যদিও দুই বছরের মধ্যে এই ঋণ আদায়ের নিয়ম রয়েছে।
দিনাজপুর ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে ‘প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচি’র আওতায় জেলার ১১টি উপজেলায় ১ কোটি ৭৫ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে সদরে ৩৫ লাখ, বিরলে ২০ লাখ, বোচাগঞ্জে ১৫ লাখ, কাহারোলে ১৩ লাখ, বীরগঞ্জে ২২ লাখ, খানসামায় ১২ লাখ, চিরিরবন্দরে ২৩ লাখ, বিরামপুরে ১০ লাখ, নবাবগঞ্জে ১২ লাখ, হাকিমপুরে ৬ লাখ এবং ঘোড়াঘাট উপজেলায় ৭ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের মাসিক নিট মুনাফা ৩ হাজার ৫০০ টাকার কম ছিল, তাঁরাই এ ঋণ সহায়তার জন্য বিবেচিত হয়েছেন। ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হয়। ঋণ সহায়তার পরিমাণ ৫ হাজার থেকে ১০ হাজারের মধ্যে হলে শতকরা ২৫ ভাগ সরকারি অনুদান ৭৫ ভাগ ঋণ। সহায়তার পরিমাণ ১০ হাজার থেকে ২০ হাজার হলে অনুদানের পরিমাণ শতকরা ২০ ভাগ, ঋণের পরিমাণ ৮০ ভাগ। সেই সঙ্গে রয়েছে ঋণ হিসাবে প্রাপ্ত অর্থের জন্য শতকরা চার ভাগ সার্ভিস চার্জ।
ঋণ সহায়তা বাবদ প্রদত্ত ১ কোটি ৭৫ লাখ টাকার মধ্যে মওকুফকৃত ৩৪ লাখ ৮১ হাজার টাকা অনুদান বাদ দিয়ে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪০ লাখ ১৯ হাজার টাকা। গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১টি উপজেলায় আদায় হয়েছে ৯৭ লাখ ৬৭০ টাকা। এখনো আদায় হয়নি ৪৩ লাখ ১৮ হাজার ৩৩০ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঋণ হিসেবে পাওয়া অর্থ সার্ভিস চার্জসহ ঋণগ্রহণকারীকে মাসিক/দ্বিমাসিক/ত্রৈমাসিক কিস্তিতে ঋণ সহায়তা নেওয়ার ছয় মাস পর থেকে পরবর্তী দুই বছরের মধ্যে পরিশোধ করার নিয়ম। কিন্তু এখনো তাঁদের ওই ৪৩ লাখ ১৮ হাজার ৩৩০ টাকা আদায় হয়নি। তিনি গত ১০ জানুয়ারি দিনাজপুরে যোগদান করেছেন। বিষয়টি জানতে পেরে তখন থেকেই ঋণ আদায়ের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সার্টিফিকেট মামলা করার নির্দেশ দিয়েছেন।