১১ বছরেও ঠিক হয়নি ময়লা ফেলার স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো পুরোনো পুকুরে, কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে, কখনো রাস্তায়, আবার কখনো খালে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।এই চিত্র সিলেটের বিয়ানীবাজার পৌর সদরের। ১১ বছর আগে এই পৌরসভা গঠিত হলেও কর্তৃপক্ষ এখনো ময়লা ফেলার স্থান নির্ধারণ করতে পারেনি।এলাকাবাসী সূত্র জানায়, একসময় স্থানীয় লুলা খালে ময়লা ফেলত বিয়ানীবাজার পৌরসভা। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় এ ব্যাপারে খবর ছাপা হলে খালে ময়লা ফেলা বন্ধ করে কর্তৃপক্ষ। কিন্তু তত দিনে খালের অনেকটা ভরাট হয়ে যায়। এরপর মুড়িয়া ইউনিয়নের সারপার এলাকার একটি কৃষিজমিতে ময়লা ফেলে কর্তৃপক্ষ। বর্তমানে বিয়ানীবাজার-চন্দরপুর-গোলাপগঞ্জ সড়কের লাসাইতলা নবাং পুলের পাশে ময়লা ফেলছে পৌরসভা। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে ময়লা ফেলায় দুর্গন্ধে পথচারীদের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। পাশেই রয়েছে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা। পৌর এলাকার বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে স্বাস্থ্যঝুঁকির মধ্যে। এ ছাড়া রিকশা, মোটরসাইকেল, বাস, মিনিবাসের যাত্রীরাও এ কারণে ভোগান্তির শিকার হচ্ছে। যত্রতত্র ময়লা ফেলা নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।পৌর এলাকার ব্যবসায়ী কবির উদ্দিন বলেন, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে রুমাল দিয়ে নাক ধরে নিতে হয়। পৌর এলাকায় ময়লা ফেলার জায়গা নির্ধারণ না করায় মানুষ রাস্তার পাশে ও নর্দমায় ময়লা ফেলছে। এতে পৌর এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।এ ব্যাপারে পৌর প্রশাসক তফাজ্জল হোসেন বলেন, জমি না পাওয়ায় ময়লা ফেলার স্থান নির্ধারণ করা যাচ্ছে না। সরকারি খাসজমি বরাদ্দ পেলে এ সমস্যার সমাধান করা হবে।