১১ বছরেও বেতন পাননি এক শিক্ষক
কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে ১১ বছর ধরে বেতন পাচ্ছেন না কলেজশিক্ষক তোজাম্মেল হোসেন (৪৯)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক। তিনি এখনো প্রাইভেট পড়িয়ে সংসারের ব্যয়ভার নির্বাহ করছেন।আক্ষেপ করে তোজাম্মেল বলেন, ‘অন্য চাকরি করার সুযোগ থাকলেও এলাকার ছেলেমেয়েদের পড়াব বলে এই কলেজে যোগ দিয়েছিলাম। এখন আমি সত্যিকার অর্থে হতাশ। এ ব্যাপারে কার কাছে বিচার চাইব, তাও বুঝতে পারছি না।’তোজাম্মেল জানান, ১৯৯৮ সালে এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে তিনি কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে এই কলেজে যোগ দেন। ২০১০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। তখন কলেজের অন্য সব শিক্ষকের সঙ্গে তাঁর নামও এমপিওভুক্তির জন্য পাঠানো হয়। কিন্তু মহাপরিচালকের (ডিজি) কার্যালয় থেকে তাঁর (তোজাম্মেল) এমপিওভুক্তির আবেদন ফেরত পাঠানো হয়। কারণ হিসেবে বলা হয়, তোজাম্মেলের নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে সরকারি কলেজের শিক্ষক রাখা হয়নি।তোজাম্মেল আরও বলেন, ‘একটি বৈধ নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে শিক্ষক হয়েছি। যাঁদের ভুল হয়েছে, মহাপরিচালক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাকে কষ্ট দেবেন কেন?’ এ ছাড়া তিনি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁকে কোনো ধরনের সহায়তা না করার অভিযোগ করেন। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তোজাম্মেলকে অসহযোগিতার অভিযোগ সম্পর্কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছি। শুনেছি, তোজাম্মেলের নিয়োগের সময় তাঁর প্রতি গভর্নিং বডির কয়েকজন সদস্য বিরূপ ছিলেন।’