১১ বছরেও সম্মেলন হয়নি যশোর আ.লীেগ কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে যশোর জেলা আওয়ামী লীগ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা৷ কিন্তু এ জেলায় ১১ বছরেও সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়নি। দলীয় পদ হারানোর আশঙ্কা ও নেতৃত্ব নিয়ে কোন্দলের জের ধরে বিভক্তির সৃষ্টি হওয়ায় সম্মেলন হয়নি বলে দলের অনেকে দাবি করছেন।

দলীয় নেতা-কর্মীরা জানান, ২০০৩ সালে যশোর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে আলী রেজা রাজু সভাপতি ও শাহিন চাকলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহসভাপতিসহ ১৬টি পদ শূন্য রেখে ৭১ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির ৫৫ জনের মধ্যে চারজন মারা গেছেন, দুজন পদত্যাগ করেন ও একজন বহিষ্কৃত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন নেতা অভিযোগ করেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো কোনো নেতা তদবির ও ব্যবসা-বাণিজ্য করে অর্থবিত্তের মালিক হচ্ছেন। তাই দলীয় পদ হারানোর আশঙ্কায় তাঁরা সম্মেলন করার উদ্যোগ নেননি।
সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থী বাছাইয়ে পক্ষপাতিত্ব করায় দলীয় কোন্দলে আট উপজেলার তিনটিতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা এবার হেরে গেছেন।
দলীয় সূত্র জানায়, আটটি উপজেলার মধ্যে শার্শা, অভয়নগর ও কেশবপুর উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বাকি পাঁচটির ব্যাপারে এখনো উদ্যোগ নেওয়া হয়নি। আটটি পৌর কমিটিও গঠন করা সম্ভব হয়নি৷ এখন কোনোটিরই পূর্ণাঙ্গ কমিটি নেই।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেন, জেলা ও উপজেলায় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের ঘিরেই দলের সব কর্মকাণ্ড চলে। দলের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নেই।
বাড়তি সুবিধা আদায়ের জন্য দলীয় পদ ধরে রাখা ও সম্মেলন না করার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, অনেক আগেই কেন্দ্র থেকে সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছিল৷ কিন্তু বিএনপি-জামায়াত প্রতিহতের আন্দোলন এবং সংসদ ও উপজেলা নির্বাচনের কারণে সেটি করা সম্ভব হয়নি। তবে এখন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলে বিভক্তি: বিএনপি থেকে আওয়ামী লীগে আসা খালেদুর রহমানকে নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী করায় দলে বিভক্তি স্পষ্ট হয়। এক পক্ষের নেতৃত্বে খালেদুর, অপর পক্ষের শাহিন চাকলাদার। ক্ষমতার শেষ দিকে এসে আলী রেজার নেতৃত্বে আরেকটি উপধারার সৃষ্টি হয়। বর্তমানে জেলা আওয়ামী লীগ তাদের নেতৃত্বে তিন ভাগে বিভক্ত।
দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলা কমিটির নির্বাহী সদস্য কাজী নাবিল আহমেদকে যশোর সদর আসনের দলীয় প্রার্থী করা হয়। বিষয়টি শাহিন চাকলাদার ও তাঁর অনুসারীরা মানতে পারেননি। এ কারণে তখন শাহিনের অনুসারীরা শহরে তাণ্ডব চালান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাজী নাবিল আহমেদের সঙ্গে যুক্ত হন অপর পক্ষের খালেদুর রহমানের অনুসারীরা। যদিও এবারের উপজেলা নির্বাচনে নাবিল আহমেদ দলীয় প্রার্থী শাহিন চাকলাদারের পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দেন। কিন্তু বিভক্তিটা এখনো রয়ে গেছে৷
দলের বিভক্তির ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভক্তি নেই। তবে বড় দলে পাওয়া না পাওয়ার দ্বন্দ্বের কারণে সবাই সন্তুষ্ট হয় না। তাদের মধ্যে পছন্দ-অপছন্দের বিষয়ও থাকে। সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারও দলের মধ্যে বিভক্তি নেই বলে দাবি করেছেন৷