১১ বাংলাদেশিকে ফিরিয়ে আনার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে পারছেন না ১১ বাংলাদেশি। প্রতারকদের খপ্পরে পড়ে সেখানে যাওয়ার পর অনুপ্রবেশের দায়ে তাঁদের ছয় মাস করে কারাদণ্ড হয়েছিল।

অভিভাবকেরা তাঁদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

ভারতের কারাগারে থাকা ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের আবদুল হালিম (৩১), চান্দেরনগর গ্রামের মনির হোসেন (১৭), এন্নেস আলী (১৭), লাল চাঁন মিয়া (২৩), উকিল মিয়া (১৭) ও মো. হেকিম (২০), হাবিবুর রহমান (২০), আলো মিয়া (১৭), বরাটিয়া পূর্বপাড়া গ্রামের মনির হোসেন (২৪), আয়তন মিয়া (১৭) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্যারিরচর গ্রামের আবদুর রাজ্জাক (২৫)।

অভিভাবকদের সূত্রে জানা গেছে, একদল প্রতারক গত ৩১ মার্চ উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ১১ জনকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁদের একটি বাড়িতে রেখে প্রত্যেকের কাছ থেকে কৌশলে ২০-২৫ হাজার টাকা নিয়ে প্রতারকেরা পালিয়ে যায়।

পরে বনগাঁ থানার পুলিশ ওই ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত অনুপ্রবেশের দায়ে তাঁদের কারাদণ্ড দেন। এরপর তাঁদের কলকাতার দমদম কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তাঁদের সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু আইনি জটিলতার কারণে দেশে ফিরতে পারছেন না। এক মাস ধরে তাঁরা ওই কারাগারেই আছেন।

নালিতাবাড়ী পৌরসভার মেয়র আনোয়ার হোসেন জানান, ভারতীয় কারাগারে আটক থাকা কয়েকজন তাঁর আত্মীয়। তাঁদের দেখতে গত মাসে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখানে তাঁরা দুর্বিষহ জীবনযাপন করছেন। তাঁদের ছাড়িয়ে আনার ব্যাপারে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

 শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম প্রথম আলোকে জানান, ভারতে আটক ১০ বাংলাদেশির ঠিকানা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।