১১ ভোটকেন্দ্রের সবই 'গুরুত্বপূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের সব কটিকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগ দুটি ও বিএনপি পাঁচটি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ মনে করছে। প্রশাসনের পক্ষ থেকে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, পৌরসভার ১১টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। তবে যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলা করার জন্য পুলিশ ও প্রশাসন প্রস্তুত থাকবে।
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা বলেন, ‘৮ নম্বর ওয়ার্ড দেবগ্রামের দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের নারী ও পুরুষ ভোটকেন্দ্র এবং ৭ নম্বর ওয়ার্ডের পীর শাহ সুলতান উচ্চবিদ্যালয় কেন্দ্র দুটি গুরুত্বপূর্ণ। গত রোববার রাতে দেবগ্রাম এলাকায় আমার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দেবগ্রাম এলাকার লোকজন ঐক্যবদ্ধ এবং খুবই আক্রমণাত্মক। যখন-তখন হামলা করতে পারে। দেবগ্রামের বাসিন্দা ও বিএনপির প্রার্থী মন্তাজ মিয়া এলাকায় খুব প্রভাবশালী।’
বিএনপির প্রার্থী মন্তাজ মিয়া বলেন, দেবগ্রামের মানুষ শিক্ষিত এবং সব সময় ঐক্যবদ্ধ। তাই বিরোধী পক্ষ ভয় পেয়ে এটাকে গুরুত্বপূর্ণ মনে করে। নির্বাচনের সময়ে দেবগ্রামে হামলা হয়েছে, এমন ইতিহাস নেই। ৩ নম্বর ওয়ার্ডের আখাউড়া রেলওয়ে উচ্চবিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টানপাড়া খড়মপুর পীর কেল্লা শহীদ উচ্চবিদ্যালয় ও ৪ নম্বর ওয়ার্ডের আখাউড়া নাছরিন নবী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র গুরুত্বপূর্ণ।
পুলিশ সূত্র জানায়, নির্বাচনের দিন থানায় মোট ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। প্রতি কেন্দ্রে পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ছয়জন কনস্টেবল, ১২ জন লাঠিধারী ও দুজন অস্ত্রধারী আনসার মোতায়ের করা হবে। পুলিশের আটটি ভ্রাম্যমাণ দল ও একটি দাঙ্গা প্রতিরোধ দল প্রস্তুত থাকবে।
এ ছাড়া ৩০ সদস্যের এক প্লাটুন বিজিবি গত সোমবার মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কাজ করবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় ১১টি কেন্দ্রের ৭১টি বুথে ভোট নেওয়া হবে। এসব কেন্দ্রে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭১ জন প্রধান শিক্ষক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার এবং বিভিন্ন বিদ্যালয়ের ১৪২ জন সহকারী শিক্ষক পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।