সীমানাসংক্রান্ত জটিলতা: দোহারে মেয়র পদে এক যুগ
১১ মামলা, প্রশাসকের ১১ বছর নির্বাচন হয়নি বিয়ানীবাজারে
২০০১ সালে গঠিত হয়ে ১১ বছরে ১১ মামলা মাথায় নিয়ে চলছে সিলেটের বিয়ানীবাজার পৌরসভা। এই দীর্ঘদিনে নির্বাচন না হওয়ায় ১১ বছর ধরে চলছে প্রশাসক দিয়ে। সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে মামলা হওয়ায় নির্বাচন হচ্ছে না। অভিযোগ উঠেছে, নির্বাচন বিলম্বিত করতে পৌর প্রশাসক নিজের লোক দিয়ে মামলাগুলো করিয়েছেন।এদিকে ঢাকার দোহার পৌরসভায় প্রায় এক যুগ ধরে নির্বাচন হচ্ছে না। সীমানাসংক্রান্ত জটিলতা ও নামকরণ নিয়ে মামলা হওয়ায় এই নির্বাচন বন্ধ রয়েছে। প্রশাসক দিয়ে চলছে পৌরসভা।বিয়ানীবাজার পৌরসভার স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক বিয়ানীবাজার ইউনিয়ন এবং মুল্লাপুর ও কুড়ারবাজার ইউনিয়নের কিছু অংশ নিয়ে ২০০১ সালে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হয়। পৌরসভা ঘোষণার পর নির্বাচনের আগ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু সরকারের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সাবেক বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তফজ্জুল হোসেন। এর পরিপ্রেক্ষিতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফজ্জুল হোসেনকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে পৌরসভা। ইউপি চেয়ারম্যান হিসেবে তফজ্জুল হোসেনের মেয়াদ ছিল ২০০৩ সাল পর্যন্ত। আদালতসংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালে ১ নম্বর ওয়ার্ড শ্রীধরা থেকে নবাং গ্রামকে কেটে ২ নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত করায় ৫ নম্বর ওয়ার্ড নয়াগ্রামের উত্তরাংশ ও দক্ষিণাংশ অন্য দুটি ওয়ার্ডের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে এবং মুলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিদনপুর ও লাসাইতলা গ্রাম পৌরসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে হাইকোর্টে রিট করা হয়। সব মিলিয়ে ১১টি মামলা হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায়। মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন হচ্ছে না।বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব বলেন, ‘তফজ্জুল হোসেন নির্বাচনে জয়ী হতে পারবেন না, তাই নির্বাচন যাতে না হয়, সে জন্য নিজের লোকজন দিয়ে একের পর এক মামলা করিয়েছেন।’ তিনি বলেন, নির্বাচন চাওয়ায় তফজ্জুল হোসেন তিনিসহ দুজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি পত্রিকায় নির্বাচন দাবি করে বক্তব্য দেওয়ায় তফজ্জুল হোসেন আমিসহ দুজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন।’তফজ্জুল হোসেন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পৌরসভার সীমানা নির্ধারণসংক্রান্ত সমস্যার জন্য নয়াগ্রাম, নিদনপুর, শ্রীধরা ও কদুগঞ্জ গ্রামের পক্ষ থেকে মামলা করায় নির্বাচন বিলম্বিত হচ্ছে।’ তিনি বলেন, ‘আমিও নির্বাচন চাই এবং এ জন্য কাজও করছি।’সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাহাব উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল। কিন্তু হাইকোর্ট সীমানাসংক্রান্ত মামলার রায় হওয়ার আগে নির্বাচন করার ওপর স্থগিতাদেশ দিয়েছেন এবং পৌর প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার রায় হওয়ার আগ পর্যন্ত তাঁকেই পৌর প্রশাসক পদে বহাল রাখেন।ঢাকার দোহার পৌরসভা গঠিত হয় ২০০০ সালে। ওই বছরের ২৬ সেপ্টেম্বর নির্বাচনে মেয়র হন আবদুর রহিম মিয়া। এর পর থেকে নির্বাচন হচ্ছে না। এই দীর্ঘ সময় মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুর রহিম।দোহার পৌরবাসীর অভিযোগ, পৌরসভা হওয়ার পর তাঁরা যে সুযোগ-সুবিধা পাওয়ার আশা করেছিলেন, তার কিছুই পাচ্ছেন না। পৌরসভায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা নেই। নেই পরিচ্ছন্নতা কর্মীও। গত জুলাই মাসে পৌরসভায় বিভিন্ন সড়কে এক হাজার ২০০ সড়ক বাতি লাগানো হয়েছে। বাতিগুলোও নিম্নমানের।ইউসুফপুর এলাকার বাসিন্দা আবদুস সালাম বলেন, ‘কোনো নাগরিক সুযোগ-সুবিধা না পেলেও কর দিতে হচ্ছে ঠিকই।’ উত্তর জয়পাড়ার সালেহা বেগম বলেন, ‘পৌরসভা থেকে কোনো সুবিধা না পেলে পৌরসভা গঠনের দরকার কী।’স্থানীয় ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, ‘নির্বাচন হলে নতুন মেয়র ও কাউন্সিলররা উদ্যম নিয়ে উন্নয়নকাজ শুরু করতেন। নতুন প্রতিনিধি হলে কাজের ক্ষেত্রে প্রতিযোগিতাও হতো। মামলা-জটিলতার অজুহাতে আর কত দিন পৌরবাসীর ভোগান্তি পোহাতে হবে, তা কেউ জানে না।’ মেয়র আবদুর রহিম মিয়া বলেন, ‘উচ্চ আদালতে চারটি মামলা রয়েছে। তাই নির্বাচন বন্ধ রয়েছে।’ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে।