বিচারের দাবিতে মহাসমাবেশ: সাংবাদিক দম্পতি হত্যা
১১ মার্চ গণমাধ্যমে কর্মবিরতি, ওই দিন নতুন কর্মসূচি ঘোষণা
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আগামী ১১ মার্চ সকাল ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত গণমাধ্যমে কর্মবিরতি পালন করা হবে। একই সঙ্গে ওই দিন বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার এক বছর পরও এর বিচার না হওয়া এবং হত্যাকারীদের চিহ্নিত করতে না পারায় গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করে সাংবাদিকদের সংগঠনগুলো। সেখানে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি পূরণ না হলে ১১ মার্চ পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়েছে।যৌথভাবে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। কর্মসূচি ঘোষণা করেন মহাসমাবেশের সভাপতি ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা প্রদান ও সাংবাদিকদের কাজের স্বাধীনতার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন, সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবেন। ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্য হচ্ছে, সাংবাদিকদের রুটি-রুজির নিশ্চয়তা, চাকরিচ্যুতি বন্ধ, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইকবাল সোবহান বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে সাংবাদিকেরা একাত্মতা প্রকাশ করছেন। তবে তিনি সেখানকার তরুণ নেতাদের বলেন, ‘আপনারা গণমাধ্যমের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না।’ গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাও সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্ববান হবেন।’সমাবেশে প্রায় সব বক্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, এই সরকারের আমলে এই হত্যার বিচার হবে কি না, তা নিয়ে সন্দেহ বাড়ছে। সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সাগর-রুনি হত্যা মামলা ধামাচাপা দিতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। ভবিষ্যতে এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এত কিছু করছেন অথচ সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারছেন না। তিনি বলেন, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এই হত্যার বিচার করবে সাংবাদিক সমাজ। সাগর-রুনি মামলা নিয়ে নাটক বন্ধের দাবি জানিয়ে বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, খুনিরা হয় সরকারের কেউ, নয়তো সরকারের ঘনিষ্ঠ কেউ। তিনি বলেন, কয়েকটি গণমাধ্যম বন্ধের দাবি জানিয়ে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা নষ্ট করার চেষ্টা চলছে। মহাসমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন: কামালউদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, আবদুল জলিল ভূঁইয়া, নাসিমুন আরা, আবদুস শহীদ, ওমর ফারুক, মুহাম্মদ বাকের হোসাইন, শাহেদ চৌধুরী, শাবান মাহমুদ প্রমুখ। মহাসমাবেশ সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।