প্রায় ১১ মাস ধরে পিরোজপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার করা হচ্ছে না। ফলে তাঁরা বিনা মূল্যে অস্ত্রোপচারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) গিয়ে বেশি টাকা দিয়ে সেবা নিতে হচ্ছে।
মা ও শিশুকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার, স্বাভাবিক প্রসব, প্রসূতিসেবা, কিশোরীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ এবং শিশুদের চিকিৎসা দেওয়া হয়। ২০১৫ সালে ১২৪ জন অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার ও চার শতাধিক নারীর স্বাভাবিক প্রসবসেবা দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসেও নয়জনের অস্ত্রোপচার করা হয়। এরপর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) শাহেলা আক্তারের সঙ্গে পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও অবেদনবিদ হংসুপতি সিকদার, মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা, অফিস সহকারীসহ কয়েকজন কর্মচারীর বিরোধ দেখা দেয়। চিকিৎসক ও কর্মচারীদের দ্বন্দ্বের ফলে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ। এ নিয়ে প্রথম আলোয় গত বছরের ২ মার্চ ‘চিকিৎসক-কর্মচারীদের দ্বন্দ্বে অস্ত্রোপচার বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২৮ জুন শাহেলা আক্তার মাদারীপুরে বদলি হয়ে যান।
কেন্দ্রের রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী, এখানে আগে প্রতি মাসে ৩০০ থেকে ৩৫০ জন নারী গর্ভকালীন, অস্ত্রোপচার ও প্রসূতিসেবা নিতে আসতেন। ২০১৫ সালে এ কেন্দ্রে ১২৪টি অস্ত্রোপচার করা হয়। এখন অস্ত্রোপচার (সিজার) বন্ধ রয়েছে। তবে এ কেন্দ্রে স্বাভাবিকভাবে প্রসব (নরমাল ডেলিভারি) হয়। ২০১৬ সালে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ কেন্দ্রে গড়ে ১৪ জন রোগী স্বাভাবিকভাবে প্রসব করেছেন। এখন প্রতি মাসে ১৭০ থেকে ২০০ জন আসেন নানা ধরনের পরামর্শ নিতে।
৬ ডিসেম্বর বেলা একটায় সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ছয়জন রোগী বসে আছে। এর মধ্যে দুজন শিশু। কিন্তু কোনো চিকিৎসক নেই।
পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা গ্রামের জাহানারা বেগম বলেন, তাঁর আড়াই বছর বয়সী শিশুর পাতলা পায়খানা হচ্ছে। চিকিৎসকের অপেক্ষায় দুই ঘণ্টা বসে আছেন। অনেকে অপেক্ষা করে চলে গেছেন। সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের সালেহা বেগম (৩৬) বলেন, বেলা ১১টা থেকে চিকিৎসকের জন্য বসে আছেন। একটায়ও চিকিৎসকের খোঁজ নেই।
মুঠোফোনে চিকিৎসক হংসুপতি সিকদার বলেন, তিনি পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে আছেন। পাশাপাশি নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেখানেও কাজ করছেন। এ কারণে কেন্দ্রে সময় দিতে পারছেন না।
মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পাশে জেলা সদর হাসপাতাল। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের ভিড় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে বেশি থাকে। এর কারণ হিসেবে জেলা সিভিল সার্জন মু. ফখরুল আলম বলেন, সদর হাসপাতালে সপ্তাহে তিন দিন অস্ত্রোপচার করা হয়। তাই ভিড় বেশি থাকে।
এদিকে শহরের দুটি বেসরকারি হাসপাতাল ঘুরে জানা গেছে, অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার করাতে ১০ থেকে ১৫ হাজার টাকা লাগে।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, সদর হাসপাতালে ভিড় বেশি হয়। এ জন্য তিনি দুই মাস আগে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক কর্মচারী জানান, অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এরপর ওই কর্মচারী তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রাম কৃষ্ণ দাস বলেন, পিরোজপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসকের শূন্য পদটিতে পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সেখানে চিকিৎসক দেওয়া হবে। তবে জরুরি প্রসূতিসেবার ওপর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক পেলে অস্ত্রোপচার শুরু করা হবে।