রাজধানীতে পুলিশ কর্মকর্তা গৌতম কুমার রায় খুন হয়েছিলেন প্রায় ১১ মাস আগে। কিন্তু এখনো এই মামলার অভিযোগপত্র তৈরি করতে পারেনি পুলিশ। ১১ মাস ধরে মামলাটির তদন্তের সঙ্গে ঘুরপাক খাচ্ছে এ ঘটনায় গ্রেপ্তার দুই জোড়া হায়দার ও জাকিরের ভাগ্যও।পুলিশ ও র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুই জোড়া হায়দার-জাকিরের মধ্যে যেকোনো এক জোড়া এ ঘটনার সঙ্গে জড়িত। বাকি দুজন নিরপরাধ। এখন কারা জড়িত আর কারা নিরীহ, তা নিয়েই তদন্ত ঘুরপাক খাচ্ছে ১১ মাস ধরে।গত বছরের ১৯ এপ্রিল রাতে রাজধানীর ধোলাইখালে সন্ত্রাসীদের গুলিতে খুন হন বংশাল থানার অপারেশনস কর্মকর্তা গৌতম কুমার রায়। ঘটনাটি প্রথমে তদন্ত করে সূত্রাপুর থানা। এক সপ্তাহের মধ্যেই তদন্তভার নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তের শুরুতেই খুনের সঙ্গে জড়িত হিসেবে দুটি নাম আসে—হায়দার ও জাকির। এরপর সূত্রাপুর থানার পুলিশ আহম্মদ আলী ওরফে হায়দার ওরফে হাদী নামে এক যুবককে গ্রেপ্তার করে। এর পরপর র্যাব গ্রেপ্তার করে আলী হায়দার ও জাকির হোসেন নামে দুই যুবককে। কয়েক দিন পর ডিবি গ্রেপ্তার করে আরেক জাকিরকে, যিনি কাইল্যা জাকির বা বাইট্টা জাকির নামে পরিচিত। বাইট্টা জাকিরের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডিবি পরে জামাল মল্লিক ও আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেল নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। রউফের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রটিও উদ্ধার করা হয়। পরে আবদুুর রউফ ও জামাল মল্লিক উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।গত বছরের ২১ মে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার এ কে এম শহীদুল হক দাবি করেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাই গৌতম হত্যায় জড়িত।এর আগে সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, তাদের গ্রেপ্তার করা জাকির ও হায়দারই গৌতম হত্যায় জড়িত।একপর্যায়ে হায়দার-জাকিরের বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সৈয়দ শাহ জামান রাজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদন দিয়েছে। এরপর পার হয়েছে আরও আট মাস। তবু ঘটনাটি নিয়ে বিভ্রান্তি কাটেনি।এ ব্যাপারে জানতে মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর কার্যালয় থেকে মামলাটির তদন্তের সর্বশেষ অবস্থা জানতে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলামের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের অন্তর্ভুক্ত। মনিটরিং সেলে এ-সংক্রান্ত সভাও হয়েছে। তবে সভার আলোচনার সারসংক্ষেপ এখনো তদন্তকারী সংস্থার হাতে পৌঁছায়নি। পৌঁছালেই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।অসহায় পরিবার দুটির কথা: র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির (২৮) পেশায় মোটর মেকানিক। জাকিরের স্ত্রী সুমি জানান, ওই খুনের সময় জাকির জলবসন্তে আক্রান্ত হয়ে কুমিল্লার দাউকান্দিতে ছিলেন, যা পরে তদন্ত কর্মকর্তা নিশ্চিতও হয়েছেন।আর র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী আলী হায়দারের (২৬) শোকে তাঁর মা আঙ্গুরী বেগমের দাবি, তাঁর নিরপরাধ ছেলেকে গত বছরের ২২ এপ্রিল রাতে বাসা থেকে র্যাব ধরে নিয়ে যায় এবং ২৫ এপ্রিল গ্রেপ্তার দেখায়।