১১ মাস পর অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলার পাঁচটি বৌদ্ধ মন্দিরে ভাঙচুর ও হামলার ঘটনায় পৃথক পাঁচটি মামলায় পুলিশ ১৫২ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে। আজ রোববার রাতে কক্সবাজার আদালতে পুলিশ এ অভিযোগপত্র দাখিল করে। হামলার ১১ মাস পরে পুলিশ অভিযোগপত্র দাখিল করল।

এর মধ্যে উখিয়ার দুটি মামলায় ৫৪ জন, রামুর একটিতে ৩৮ জন এবং কক্সবাজার সদর উপজেলার দুটি মামলায় ৬০ জনকে আসামি করা হয়েছে। কাল সোমবার সকালে টেকনাফ ও উখিয়ার আরও দুটি পৃথক মামলায় ১১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আজ রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ রাতে পাঁচটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কাল (সোমবার) সকালের মধ্যে মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলার আরও দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। সাতটি মামলায় আসামি করা হয়েছে ৩৬৪ জনকে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৯৩ জনকে। অভিযোগপত্রভূক্ত পলাতক আরও ১৭১ জন আসামিকে ধরার চেষ্টা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, সাত মামলায় অভিযুক্ত ৩৬৪ আসামির মধ্যে উল্লেখযোগ্য কেউ নেই। হামলার সময় পুলিশের হাতে আটক লোকজনই মামলার আসামি হয়েছে। যদিও উখিয়ার বৌদ্ধ মন্দির হামলা মামলায় জেলা জামায়াত নেতা ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজালাল চৌধুরীসহ জামায়াত-বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা সলিমুল্লাহ বাহাদুরসহ অনেকে এখনো আত্মগোপনে রয়েছেন। এদেরও অভিযোগপত্রে আসামি করা হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ‘চার্জশীট দেওয়া সাতটি মামলা হচ্ছে ছোটখাট মামলা। মন্দিরে হামলা, ভাঙচুর করা ইত্যাদি। রামু ও উখিয়ার প্রাচীন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ও লুটপাতের ঘটনায় দায়েরকৃত আরও কয়েকটি মামলার অভিযোগপত্র চুড়ান্ত করা হচ্ছে। এসব মামলায় রাঘব বোয়ালদের আসামি করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পবিত্র কোরআন শরীফ অবমাননার ছবিকে কেন্দ্র করে উগ্রধর্মান্ধ গোষ্ঠি রামুর ১২টি বৌদ্ধ বিহার ও ৩৪টি বসতিতে অগ্নিসংযোগ করে। পরেরদিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফের আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় প্রায় ১৫ হাজার লোকের বিরুদ্ধে ১৯টি পৃথক মামলা রুজু করা হয়। দীর্ঘ ১১ মাস পর আজ পাঁচটি মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গতকাল শনিবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ‘বৌদ্ধ পল্লিতে হামলার ১৯ মামলা, ১১ মাসেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।