১১ মাসেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিসহ উখিয়া ও টেকনাফের বৌদ্ধমন্দিরে হামলার ১১ মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় দায়ের করা ১৯ মামলার একটিরও অভিযোগপত্র (চার্জশিট) দিতে পারেনি পুলিশ। কারা এর নেপথ্যে ছিল তাদেরও শনাক্ত করা যায়নি। হামলার পর ৫২৬ জনকে গ্রেপ্তার করা হলেও ১২১ জন জামিনে বেরিয়ে গেছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ সেপ্টেম্বর রামু যাচ্ছেন। এ সময় সরকারি ব্যয়ে নির্মিত বৌদ্ধ মন্দিরের উদ্বোধন করবেন তিনি। কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ১৯ মামলার মধ্যে সাতটির তদন্ত শেষ হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত ছবি প্রদর্শনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রামুর ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও ৩০টি বসতি ধ্বংস করে। পরদিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফে আরও সাতটি মন্দির ও ১১টি বসতিতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোট ১৯টি মামলায় ৩৭৫ জনের নাম উল্লেখসহ ১৫ হাজার ১৮২ জনকে আসামি করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, সারা দেশের জামায়াত-শিবিরের সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় পুলিশকে ব্যস্ত থাকতে হয়েছে। এ কারণে বৌদ্ধপল্লির মামলা তদন্তে বিলম্ব হয়েছে। তিনি বলেন, বৌদ্ধবিহারে অগ্নিসংযোগকারী বলে সন্দেহভাজন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) নেতা ছালামত উল্লাহ ও ইব্রাহিমকে পাওয়া গেলে মূল হোতারা শনাক্ত হতো। তা ছাড়া উত্তম কুমার বড়ুয়াকেও পাওয়া যাচ্ছে না। ঘটনার পরপর তিনি বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমার অথবা থাইল্যান্ডে আত্মগোপন করেন বলে পুলিশের কাছে খবর আছে। পুলিশ সূত্র জানায়, বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় রামু থানায় আটটি, উখিয়া থানায় সাতটি, টেকনাফ থানায় দুটি ও কক্সবাজার থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ সময় মামলায় ৩৭৫ জনের নাম উল্লেখ করা হয়। ২৮ আগস্ট পর্যন্ত পুলিশ ৫২৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে ২৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ পর্যন্ত পুলিশ ৫০২ জনের সাক্ষ্য নিয়েছে।অনুসন্ধানে জানা গেছে, এজাহারভুক্ত আসামিদের মধ্যে অধিকাংশ বিএনপি-জামায়াতের নেতা-কর্মী-সমর্থক। এদের মধ্যে জামায়াতে ইসলামীর দুজন উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন। কিন্তু হামলার ঘটনায় যুক্ত আওয়ামী সমর্থক কেউ মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন কি না জানা যায়নি।বৌদ্ধ নেতারা জানান, রামু হামলার ঘটনা নিয়ে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে করা তিন সদস্যের তদন্ত দল গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে হামলার জন্য ২০৫ জনকে অভিযুক্ত করা হয়। তাঁদের মধ্যে পুলিশ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও অনেকে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। তাঁরা সবাই সরকারি দলের সমর্থক বলে পুলিশ তাঁদের ধরছে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার বলেন, বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নয়। উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ স্থানীয় লোকজনকে উসকে দিয়ে বৌদ্ধবিহারে হামলা চালিয়েছিল।বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক বঙ্কিম বড়ুয়া বলেন, রামুর ১২টি ঝকঝকে বিহার: কক্সবাজার ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লে. কর্নেল ছিদ্দিক মো. জুলফিকার রহমান প্রথম আলোকে বলেন, পুড়ে যাওয়া ১৯টি বৌদ্ধবিহার পুনর্নির্মাণের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা সব বিহারের নির্মাণকাজ শেষ করেন। পুড়ে যাওয়া ৬০টি বাড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্মাণ করে দেয়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিহারগুলো বৌদ্ধ সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।গতকাল সকালে দেখা গেল, রামু কেন্দ্রীয় সীমা বিহারের তিনতলা নতুন ভবনটি (বৌদ্ধবিহার) দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন। বিহারের সামনে লাগানো হয়েছে ইয়াংগুন থেকে আনা সোনালি রঙের পাত। এটা বিহারের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বিহারের খোলা মাঠটিও দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে। শ্রীকুল গ্রামের লাল চিং, সাদা চিং বৌদ্ধবিহারের দৃশ্য মুগ্ধ করছে মানুষকে। পাশের হাইটুপি রাখাইন বিহার ও উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় স্থাপিত ১০০ ফুট লম্বা সিংহশয্যা গৌতমবুদ্ধ মূর্তি দূর থেকে বেশ লাগছে।