রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট
১১ মাসেও কার্যকর হয়নি ৮৭ প্রার্থী নিয়োগের সুপারিশ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১টি পদের ১২৫ জন কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা—সব প্রক্রিয়া শেষ করার পর ২০১৬ সালের মে মাসে ৭টি পদের ৮৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। কিন্তু এরপর প্রায় ১১ মাস কেটে গেলেও সেই সুপারিশ কার্যকর হয়নি। ফলে হতাশায় দিন কাটাচ্ছেন ওই ৮৭ তরুণ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১টি পদের ১২৫ জন কর্মচারী নিয়োগের জন্য ২০১৫ সালের ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদগুলো হচ্ছে সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, ড্রাফটস-ম্যান-২, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, সিপাই, ডেসপাস রাইডার ও নিরাপত্তা প্রহরী।
গত বছরের ২৯ এপ্রিল লিখিত পরীক্ষা হয়। ৩১ মে ১১টি পদের মধ্যে ৭টি পদে ৮৭ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। বাকি ৪টি পদের বিপরীতে কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। এ ছাড়া প্রার্থী না পাওয়ায় মুক্তিযোদ্ধা কোটার ২৫টি পদ সংরক্ষণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন প্রাপ্তির পরেই এই নিয়োগের সুপারিশ কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিয়োগের সুপারিশপ্রাপ্ত এক প্রার্থী নাম প্রকাশ না করে বলেন, ‘১১ মাস হয়ে গেলেও নিয়োগপত্র ছাড়ছে না। বারবার কাস্টমস অফিসে গিয়ে খোঁজ নিলেও তারা বলছে, প্রক্রিয়া চলছে। কিন্তু কবে নাগাদ নিয়োগ হবে পরিষ্কার করে কেউ বলতে পারছে না।’
জানতে চাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিভিন্ন কারণেই একটু সময় লাগতে পারে। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। এনবিআরের অনুমোদন পেলে দ্রুতই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে।’