১১ মাসেও শনাক্ত হয়নি খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ দনিয়ার বর্ণমালা সড়কের একটি দোতলা বাড়ি। এই বাড়ির নিচতলায় মা-বাবার সঙ্গে থাকত স্কুলছাত্র স্বাধীন হোসেন (১৬)। সে স্থানীয় একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষার ফল আর জানতে পারেনি। তার আগেই নিজ বাসায় তাকে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনা ২০১৬ সালের ২৮ মার্চের। ঘটনার ১১ মাসেও নির্মম এই হত্যাকাণ্ডের রহস্যভেদ হয়নি। তবে সম্প্রতি এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, নারীঘটিত কারণে হত্যাকাণ্ডটি হতে পারে।
এমন অবস্থায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বাধীনের মা রিনা বেগম। গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের দুই দিন পর কদমতলী থানায় মামলা করা হয়েছিল। পুলিশ স্বাধীনের কয়েক বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদও করেছিল। কিন্তু তাদের কাছে কিছু পাওয়া যায়নি বলে ছেড়ে দিয়েছে। তাঁর অভিযোগ, পুলিশ তদন্তে গুরুত্ব না দেওয়ায় অপরাধী শনাক্ত করা যায়নি। তদন্তে পুলিশের গা-ছাড়া ভাব দেখে তিনি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত নভেম্বরে মামলাটি সিআইডিতে চলে যায়। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ২০১৬ সালের ২৮ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। ঘরে থাকা বঁটি দিয়ে কেউ তার গলা কেটে পালিয়ে যায়। এ সময় স্বাধীনের মা-বাবা বাসায় ছিলেন না। লাশ দরজার সামনে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, ঘটনার পর বাসা থেকে রক্তমাখা বঁটি, স্বাধীনের লেখা একটি ডায়েরি ও একজোড়া জুতা উদ্ধার করা হয়। সে সময় পুলিশের ধারণা ছিল, জুতা জোড়া খুনির। কিন্তু এখন পর্যন্ত জুতার মালিক পাওয়া যায়নি।
সিআইডি সূত্রে জানা গেছে, তদন্তের শুরুতেই সিআইডি জুরাইন এলাকার ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে। এরপর সজীব (১৯) ও সাগরকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকের একটি মামলায় গ্রেপ্তার মুরাদ (২৬) নামের আরেকজনকে স্বাধীন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মুরাদকে তিন দিন সিআইডির হেফাজতে রাখার অনুমতি দিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, খুন হওয়ার আগে মুঠোফোনে গ্রেপ্তার কিশোরের সঙ্গে কথা হয়েছিল স্বাধীনের। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর সজীবকে স্থানীয় লোকজন দৌড়ে তাঁর বাড়ির ভেতর ঢুকতে দেখেছেন। বাড়িতে ঢুকে তিনি পরনের কাপড় পরিবর্তন করে স্বাধীনদের বাসায় এসেছিলেন। সাগরের সঙ্গে মাদক গ্রহণ করত স্বাধীন। আর ঘটনার কিছুদিন আগে স্বাধীনের মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়েছিলেন মুরাদ। মুরাদের নামে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা আছে। স্বাধীন খুন হওয়ার আগের রাতে স্বাধীন, গ্রেপ্তার চারজনসহ আরও একজন একসঙ্গে মাদক সেবন করেছেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর মামলাটি সিআইডিতে আসে। এত দিনে অনেক আলামতও নষ্ট হয়েছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। এই মামলার তদন্ত কঠিন, কিন্তু অসম্ভব নয়। তাঁর প্রত্যাশা, শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। গ্রেপ্তার চারজন সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন কারাগারে ও একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে আছেন। তাঁরা সবাই স্বাধীনের সঙ্গে নিয়মিত মাদক গ্রহণ করতেন। তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এখনো হত্যাকাণ্ড সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।