১১ মাসের মধ্যে দুই ছেলেকে কেড়ে নিল অপহরণকারীরা
মায়ের দুই পাশে দুই ছেলে। বাঁ পাশে মেজ ছেলে ইমন মিয়া (১০)। ডান পাশে ছোট ছেলে পারভেজ মিয়া (৭)। পারিবারিক অ্যালবামের এ ছবিটি এখন কেবলই স্মৃতি। মা আছেন। শিশু দুই ছেলে নেই। ১১ মাসের মধ্যে ওই দুই ছেলেকে খুন করেছে অপহরণকারীরা। অপহরণের দুই দিন পর গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের একটি খাল থেকে শিশু ইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্মম এ ঘটনার পর দুই ছেলের ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ছেন মা শিল্পী আক্তার। কথা বলতে পারছেন না। দুই ছেলের শোকে পাথর হয়ে গেছেন। গতকাল মঙ্গলবার খাড়েরা গ্রামের মালি মিয়ার বাড়িতে গিয়ে করুণ এ দৃশ্য দেখা গেছে।প্রায় ১১ মাস আগে গত বছরের ৩১ আগস্ট রাতে ইমনের ছোট ভাই পারভেজকে বাড়ি থেকে অপহরণ করা হয়। ওই দিন ভোরে বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ পাওয়া যায়। এর ১৫ দিন আগে ইমনের আপন চাচাতো ভাই সবুজ মিয়াও (৪) খাড়েরা গ্রামের বাড়ি থেকে অপহূত হয়। এক সপ্তাহ পর ২২ আগস্ট সবুজের লাশ পাওয়া যায় বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে সিঅ্যান্ডবির খালে।গ্রামবাসী ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, খাড়েরা গ্রামের সৌদি আরব প্রবাসী মালি মিয়া ও শিল্পী আক্তারের তিন ছেলে সুমন মিয়া, ইমন মিয়া ও পারভেজ মিয়া। এর মধ্যে সুমন ও ইমন খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাক্রমে পঞ্চম ও তৃতীয় শ্রেণীতে পড়ত।প্রতিদিনের মতো গত শনিবার সকালে বিদ্যালয়ে যায় ইমন। বিরতির সময় সুমন বাড়িতে এলেও ইমন বাড়িতে ফেরেনি। মা শিল্পী আক্তার দৌড়ে বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন, তাঁদের পাশের বাড়ির দুলাল মিয়ার স্ত্রী নাছিমা আক্তার ইমনকে নিয়ে এসেছেন। কিন্তু নাছিমাকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এরপর ইমনকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় শিল্পী আক্তার ওই দিনই অপহরণের মামলা করলে নাছিমাকে গ্রেপ্তার করে পুলিশ। দুদিন পর সোমবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন খাড়েরা গ্রামের খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শিল্পী ও তাঁর স্বজনেরা লাশটি ইমনের বলে শনাক্ত করেন। গতকাল সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর জানাজার পর গ্রামের কবরস্থানে ইমনকে দাফন করা হয়।নাছিমা ইমনের ফুফাতো ভাই দুলালের স্ত্রী। ইমনের লাশ উদ্ধারের আগে রোববার সকালে কসবা থানা হাজতে নাছিমা আক্তার প্রথম আলোকে বলেন, ইমন কোথায় তা তিনি জানেন না। ইমনের অপহরণের সঙ্গেও তিনি জড়িত নন। শনিবার তিনি বিদ্যালয়েও যাননি।কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া নাছিমার বাড়ির পাশের খাল থেকেই শিশু ইমনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর পরই শিশুটিকে নির্জন এলাকায় শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশটি মহাসড়কসংলগ্ন নাছিমার বাড়ির পাশের খালে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।এসআই নুরুল বলেন, নাছিমাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম শফিউল আজম গতকাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমনের লাশ উদ্ধারের আগে গত সোমবার দুপুরে মানববন্ধন করে খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাড়েরা মোহাম্মদীয় উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী। ইমনকে উদ্ধার, অপহরণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির খাড়েরা বাসস্টেশনে কুমিল্লা-সিলেট মহাসড়কে ওই মানববন্ধন হয়েছিল। কিন্তু ইমনকে জীবিত উদ্ধার করা যায়নি। খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা গুলশান আরা বলেন, ‘বিদ্যালয় থেকে একটি শিশু অপহরণের পর খুন হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’