১১ মাসের শিশু অপহরণ, পরে উদ্ধার

পাওনা টাকা না দেওয়ায় ঢাকা থেকে ১১ মাসের একটি শিশুকে অপহরণ করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটিকে মেহেরপুরের মনোহরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের আট দিন পর গতকাল বুধবার রাতে মেয়ে জান্নাতুল ফেরদৌসকে পেয়ে আনন্দে দিশেহারা মা ফিরোজা খাতুন।
শিশু জান্নাতুলের বাড়ি ঢাকার মালিবাগের গুলবাগে। শিশুটির বাবা জাহাঙ্গীর আলমের দাবি, বিদেশে থাকার সুবাদে রায়হান আলী নামের একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ব্যবসায়িক কাজে তিনি তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। কিন্তু ব্যবসা মন্দা হওয়ায় টাকা পরিশোধ করতে পারছিলেন না। এতে ক্ষুব্ধ হয়ে ১ জানুয়ারি তাঁর স্ত্রী ফিরোজা খাতুন ও ছেলে জাফরকে (১০) বেঁধে রায়হান ১১ মাস বয়সী মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
স্ত্রীর কাছ থেকে বিস্তারিত জানার পর জাহাঙ্গীর আলম পরদিন শাহজাহানপুর থানায় রায়হানের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগে মামলা করেন। রায়হানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মেহেরপুরের গোয়েন্দা পুলিশ গতকাল রাতে শিশুটিকে উদ্ধার ও রায়হানকে গ্রেপ্তার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে শিশুটিকে গতকাল রাতে উদ্ধারের পর তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া রায়হানকে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।