১১ মাসের শিশুসহ দুজন খুন
সিরাজগঞ্জ সদরের শ্যামপুর গ্রামে সুটকেসের ভেতর থেকে গতকাল সোমবার ১১ মাসের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে।
একই দিন বগুড়ার গাবতলীর বাওইটোনা গ্রামে অজ্ঞাতনামা (৪০) একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, শ্যামপুর গ্রামের সাইদুল ইসলাম ঢাকায় থাকেন। তাঁর স্ত্রী রুবিয়া খাতুন (৩০) তাঁদের শিশুসন্তান তানভীর আহমেদসহ পরিবার নিয়ে গ্রামে থাকেন। গত রোববার রাতে শিশুটি কান্নাকাটি শুরু করলে রুবিয়া পাশের ঘরে থাকা দাদি শিশুটির কান্না থামাতে বলেন। এর কিছুক্ষণ পর থেকে শিশুটির আর সাড়া পাওয়া যায়নি। গতকাল সকালে রুবিয়া কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বিকেলে গ্রামের লোকজন তাঁকে একই গ্রামের অন্য একটি বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শিশু তানভীরকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ভেতরে একটি সুটকেসে রাখার কথা স্বীকার করেন। এলাকাবাসী সুটকেস থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, মা রুবিয়া শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা সাইদুল ইসলাম থানায় হত্যা মামলা করেছেন। রুবিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাইদুল ইসলাম বলেন, তাঁর স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন।
এদিকে বগুড়ার গাবতলী থানার পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে বাওইটোনা গ্রামে ইছামতী নদীর তীরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরদিন বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, তাঁর পরনে লাল শার্ট, ছাই রঙের সোয়েটার ও ধূসর ট্রাউজার ছিল।