১১ জন মুক্তিযোদ্ধা সাংবাদিককে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। এর মধ্যে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে চারজনকে। শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গতকাল শনিবার দিনভর নানা আয়োজনে তিন যুগ পূর্তি উৎসব পালন করেছে সংগঠনটি।
মরণোত্তর সম্মাননা দেওয়া চারজন হলেন দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ খালেদ, দৈনিক স্বাধীনতার সম্পাদক আবদুল্লাহ আল হারুন, সাংবাদিক মোহাম্মদ ইদ্রিস ও ওসমানুল হক। অনুষ্ঠানে তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ ছাড়া সাংবাদিক নিজাম উদ্দিন, মঈনুদ্দিন কাদেরী শওকত, নাসিরুদ্দিন চৌধুরী, পংকজ দস্তিদার, দেবপ্রসাদ দাশ, নওশের আলী খান এবং মঞ্জুরুল আলমকেও সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সকালে উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আলোচনা সভা হয় প্রেসক্লাব মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম।