আহেল সুন্নাত ওয়াল জমা’য়াতের নেতারা ১১ মে চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। এ ছাড়া ১৫ মে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এসব কথা বলেন। মসজিদ-মাদ্রাসায়-মাজারে হেফাজতিদের হামলা, জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব জালালুদ্দীন আল কাদেরীকে নাজেহাল করা, হাটহাজারী সদরে গাজী আজিজুল হক শেরেবাংলা (রহ.) মাজারে হামলা এবং গত ২৬ এপ্রিল হেফাজতের হামলায় আহত ছাত্রসেনা কর্মী সাইফুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দীন আল কাদেরী, ওবায়দুল হক নঈমী, আজিজুল হক আল কাদেরী, এম এ মতিন, ইদ্রিস রেজভী, সৈয়দ অছিয়র রহমান, পেয়ার মোহাম্মদ, আশরাফুজ্জামান আল কাদেরী প্রমুখ। সাইফুল ইসলাম ৩ মে বিকেলে নগরের একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মারা যান।ছাত্রসেনার হরতালের হুমকিদুই দিনের মধ্যে ছাত্রসেনার কর্মী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আগামী মঙ্গলবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালনের হুমকি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। গতকাল শনিবার বিকেলে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই হুমকি দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ এপ্রিল হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীরা মাজারে ও সুন্নিদের ওপর হামলা করেন।