১১ মেডিকেল কলেজের অনুমোদন প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ১১টি মেডিকেল কলেজের অনুমোদন বাতিলের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১ অক্টোবর ‘আরও ১১ মেডিকেল কলেজ অনুমোদন’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই, অথচ আরও ১১টি বেসরকারি মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন দিল সরকার। এটা যুক্ত করে গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশীদ রিট আবেদনটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহুরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। পরে জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেসরকারি মেডিকেল স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুসরণ না করে শুধু রাজনৈতিক তদবিরের মাধ্যমে ১১টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়।