১১ রোহিঙ্গা ও ৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। গতকাল বুধবার রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উখিয়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ১১ রোহিঙ্গাকে বাধা দেন বিজিবির সদস্যরা। তাঁরা মিয়ানমারে ফেরত চলে যান।
এদিকে সীমান্তের বিভিন্ন এলাকায় কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারা জোরদার করা হয়েছে। উখিয়ার কয়েকটি সীমান্ত পয়েন্টে অতিরিক্ত বিজিবি টহল বাড়ানো হয়েছে।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, বুধবার রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত উখিয়ার দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ৩ শিশু, ৪ নারী, ৪ পুরুষসহ ১১ জন রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইমরান উল্লাহ সরকার আরও বলেন, উখিয়া সীমান্ত এলাকার সাতটি বিজিবি সীমান্তচৌকিতে জনবল বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকার স্থলপথ চিহ্নিত করে বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে।
এদিকে টেকনাফের ঝিমংখালী, মোচনি, লেদা ও উলুবনিয়া সীমান্ত এলাকা দিয়ে ৯টি নৌকায় (প্রতিটিতে ১৫-১৮ জন) রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, সব কটি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।