১১ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি দুই কোটি টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি, রাজস্ব ফাঁকি, সীমাতিরিক্ত লোড ব্যবহারসহ নানা অপরাধের কারণে আগস্ট মাসে ৬২টি অভিযান চালিয়ে দুই কোটি চার লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই মালিক সাংসদ, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও শিল্প-কারখানার মালিক।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রধান মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত চারটি দল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, সৈয়দপুর, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং রাজধানীর মগবাজার, মানিকনগর, লালবাগ, কামরাঙ্গীরচর, ডেমরা, বংশাল, বনশ্রী, বাংলাবাজার, আদাবর, শেরেবাংলা নগর প্রভৃতি এলাকায় এসব অভিযান চালায়।
জানতে চাইলে টাস্কফোর্স প্রধান মুনীর চৌধুরী বুধবার প্রথম আলোকে বলেন, আইনের অনুশাসন না থাকায় বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির দুর্নীতি বটবৃক্ষে রূপ নিয়েছে। অব্যাহত অভিযানে এ বটবৃক্ষ নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।
ডিপিডিসির অভিযানের সবচেয়ে দুর্ধর্ষ বিদ্যুৎ চুরি ধরা পড়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বিসমিল্লাহ আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে। এখানে ছয় মাসে ১ লাখ ৩৬ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি ধরা পড়ে। তা ছাড়া পুরান ঢাকার বাংলাবাজারে একজন অধ্যাপকের পরিচালনাধীন ‘মৈত্রী প্রেস এবং পাবলিকেশন্স’-এ ধরা পড়ে ৮৫ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা। নারায়ণগঞ্জ এলাকায় ২০টি প্রতিষ্ঠানে অটোবাইকের গ্যারেজ বসিয়ে গোপনে বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। এসব প্রতিষ্ঠান প্রায় ৬২ হাজার ইউনিট বিদ্যুৎ গ্রাস করেছে। অন্যদিকে বংশালে মো. মহিউদ্দিন নামে পিডিবির সাবেক এক কর্মচারীর চারতলা বাসভবনে ধরা পড়ে ৮৪ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা। এ ভবনে দীর্ঘ কয়েক বছর কোনো মিটার রিডারকে প্রবেশ করতে দেওয়া হতো না, ফলে রিডিং ছাড়াই বিল দেওয়া হতো। এমন আরও একাধিক অভিযান চালায় ডিপিডিসি।