১১ শর্তে কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশ
প্রশাসনের অনুমতি পেয়ে গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় বিএনপির দুই পক্ষ আলাদা স্থানে সমাবেশ করেছে। ১১টি শর্তে জেলা প্রশাসন বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দলটিকে সমাবেশ করার অনুমতি দেয়।
বিকেল চারটায় নগরের টমছমব্রিজ এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারীরা এবং একই সময়ে নগরের চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের অনুসারীরা সমাবেশ করেন। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নগরে পাল্টা কোনো কর্মসূচি দেননি।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত আটটা থেকে কুমিল্লা জেলা প্রশাসন কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী, ফয়েজগঞ্জ, কোটবাড়ি ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরের মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করেন।
এদিকে বেলা তিনটায় জেলা প্রশাসন ১১ শর্তে বিএনপির দুই পক্ষকে সমাবেশ করার অনুমতি দেয়। এসব শর্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোনো ধরনের দা-কুড়াল, লাঠি ও আগ্নেয়াস্ত্র সমাবেশে না আনা, সমাবেশে কোনো ধরনের উসকানিমূলক স্লোগান না দেওয়া, নির্ধারিত সময়ে সমাবেশ শেষ করা। এদিকে নগরের টমছমব্রিজ এলাকায় বিএনপি বড় ধরনের মহড়া দেয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদসহ ১৮-দলীয় জোট ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
চকবাজারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের অনুসারীরা সমাবেশ করেন। এতে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরী প্রমুখ। তবে শারীরিক অসুস্থতা ও ঢাকায় অবস্থান করার কারণে মেয়র ওই কর্মসূচিতে উপস্থিত হননি বলে জানা গেছে। এ ছাড়া মনিরুল হক চৌধুরী বিকেল চারটায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে সমাবেশ করেন।
কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘কান্দিরপাড়কে কেন্দ্র করে একাধিক কর্মসূচি দেওয়ায় আমরা নিষেধাজ্ঞা দিই। পরে ভিন্ন জায়গায় দলগুলো সমাবেশ করতে চাইলে আমরা শর্ত সাপেক্ষে অনুমতি দিই।’