১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি এক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মানুযায়ী কোনো সাংসদ তাঁর নির্বাচনী এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাংসদ জয়নাল আবেদীন চার বছর ধরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংসদ তাঁর নির্বাচনী এলাকার যে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন সেগুলো হলো মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা, মেহেরপুর পৌর কলেজ, এআরবি কলেজ, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, মহাজনপুর কলেজ ও মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করেন, কোটি টাকার নিয়োগ-বাণিজ্যের স্বার্থেই সাংসদ ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে আছেন। এতে প্রতিষ্ঠানগুলোও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ জয়নাল আবেদীন বলেন, চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার নিয়ম রয়েছে কি না, তা তিনি জানেন না। তা ছাড়া সাংসদেরা এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁরা বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি থাকলে ক্ষতি কী? নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি সভাপতি থাকায় প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আমিরুল আলম খান বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ৫(১) অনুযায়ী, কোনো সাংসদের চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি থাকা বেআইনি। তার পরও অনেক সাংসদ এ নিয়ম লঙ্ঘন করছেন। এসব ব্যাপারে সাংসদদের তাঁরা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এ নিয়ে তাঁরা বিরোধে যেতে চান না। বিষয়টি মন্ত্রণালয় জানে।