১১ শিক্ষার্থী ডিগ্রি পরীক্ষা দিতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজের ১১ জন ছাত্রছাত্রী এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে পারেননি।পরীক্ষাবঞ্চিত শিক্ষার্থীরা হলেন—কলেজের বিএসএস বিভাগের দেলোয়ার হোসেন, আসলাম হোসেন, সাজেদুল ইসলাম, শরিফুল ইসলাম, মুক্তিয়ারা খাতুন, ফিরোজ আহমেদ ও ইলিয়াস হোসেন, বিবিএস বিভাগের মশিউর রহমান, এ কে এম ফজলুল হক এবং বিএ (পাস) কোর্সের গোলাম মোস্তফা ও সাদেক মণ্ডল।পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফি দেওয়া সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ তাঁদের পূরণ করা ফরম ভুলে ফেলে রেখে গেছে। এ কারণে বোর্ড কর্তৃপক্ষ তাঁদের প্রবেশপত্র দেয়নি এবং তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।কলেজের অধ্যক্ষ ওয়াক্কাচ আলী বলেন, শিক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষার ফরমসহ ফিসের টাকা কলেজে জমা দেয়নি। ফলে নির্ধারিত সময়ে ব্যাংক চালানের মাধ্যমে বোর্ড ফিসের টাকা জমা হয়নি। এ কারণে বোর্ড থেকে তাদের প্রবেশপত্র আসেনি।পরীক্ষার্থী শরিফুল ইসলাম, ফিরোজ আহমেদ জানান, তাঁরা যথাযথ নিয়মে ও সময়মতো ফরম পূরণ করে ফিসের টাকা কলেজে জমা দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে ১১টি ফরম ভুলে ফেলে যাওয়ায় তা বোর্ডে জমা পড়েনি। এ কারণে প্রবেশপত্র না আসায় তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি। শিক্ষার্থী মুক্তিয়ারা খাতুন জানান, অন্যদের মতো তিনিও গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম ও প্রদর্শক আবুল কাশেমের কাছে ফিসের টাকাসহ ফরম জমা দিয়েছেন। কিন্তু সেই ফরম ও টাকা বোর্ডে জমা না হওয়ায় শিক্ষাজীবন থেকে তাঁদের একটি বছর ঝরে গেল। এখন শিক্ষকেরা তাঁদের জমা করা ফিসের টাকাও ফেরত দিচ্ছেন না।শিক্ষক মনিরুল ইসলাম ও প্রদর্শক আবুল কাশেম জানান, এবার তাঁদের প্রতিষ্ঠানসহ গাংনীর দুটি পরীক্ষা কেন্দ্রে এক হাজার ২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। ১১ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসার পেছনে তাঁদের কোনো অবহেলা বা ত্রুটি নেই। পরীক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে ফিসের অর্থ আত্মসাতের যে অভিযোগ এনেছে, তা মিথ্যা।