১১ শিবিরকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ওই সংগঠনের আরও ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করেছে পুলিশ। এফ রহমান হলের পেছন থেকে ককটেল উদ্ধারের ঘটনায় মামলাটি করা হয়।

শিক্ষকবাসে হামলার মামলায় গতকাল শুনানির পর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক উনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘শিবিরকর্মী রাকিব ও তৌহিদুলের দুই দিন এবং বাকি নয়জনের একদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’

মামলা দায়ের: রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে শিবিরনিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ছাত্রাবাসের পেছনের পাহাড়ের ঝোপ থেকে ২১টি ককটেল উদ্ধার করে।

এদিকে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মামুন স্মৃতি পাঠাগার নামক শিবিরের একটি কার্যালয় থেকে প্রচুর জিহাদি বই, সিডি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। হাটহাজারী থানার এসআই আতিক জানান, অভিযানকালে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

আটক পাঁচ: রোববার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করেছে। এঁদের মধ্যে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে, অন্যদের হাটহাজারী থানায় রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিস্থিতি: তৃতীয় দিনের মতো গতকাল এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পুলিশের পাহারায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাস ও শাটল ট্রেন চলাচল করলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। তাই সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস হয়নি।

ছাত্রশিবিরের বিবৃতি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাসে হামলা-পরবর্তী চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ই-মেইলে পাঠানো বিবৃতিতে দাবি করেন, শিক্ষকদের বাসে হামলার ঘটনায় শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই৷ এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিও জানান তাঁরা। তাঁরা বিবৃতিতে আরও বলেন, ‘আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’