১১ শ্রমিকের সন্ধান মেলেনি নয় দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ শ্রমিক জহিরুল ইসলামের স্ত্রী নুরুন নাহার। দুর্ঘটনার নয় দিন পরও তাঁর স্বামীর খোঁজ মেলেনি। গতকাল কারখানার ধ্বংসস্তূপের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
নিখোঁজ শ্রমিক জহিরুল ইসলামের স্ত্রী নুরুন নাহার। দুর্ঘটনার নয় দিন পরও তাঁর স্বামীর খোঁজ মেলেনি। গতকাল কারখানার ধ্বংসস্তূপের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার নয় দিন পার হলেও নিখোঁজ অন্তত ১১ জন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের ধারণা, বিস্ফোরণে ধসে পড়া কারখানা ভবনের নিচে তাঁরা চাপা পড়েছেন। আর আট দিন পর গত শনিবার রাতে পুলিশ কারখানার মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে।

১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের কারখানায় আগুন লাগে এবং কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটে। এতে কারখানার তিনটি ভবন ধসে পড়ে। দুর্ঘটনার দিনই ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। গাজীপুর জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। নিহত ৩৪ জনের মধ্যে ২৮ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি।

.
.

গতকাল রোববার দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে কারখানার উত্তর দিকে ধসে পড়া একটি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ধসে পড়া ভবনের পূর্ব দিকে উদ্ধারকাজ চালাচ্ছিলেন। একটু দূরে দাঁড়িয়ে ছিলেন নিখোঁজ জহিরুল ইসলামের ভগ্নিপতি আলাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সকাল ছয়টা থেকে আমরা অপেক্ষা করছি। যেভাবে ভবন ধসে পড়েছে এবং আগুনের যে তীব্রতা ছিল, তাতে জহিরুল হয়তো বেঁচে নেই। তবে অন্তত আমরা জহিরুলের লাশটা চাই।’ টাঙ্গাইলের মির্জাপুরের জহিরুল ইসলাম ওই কারখানায় সহকারী অপারেটর হিসেবে কাজ করতেন।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আলাউদ্দিনের মতো নিখোঁজ অন্যদের স্বজনেরাও প্রতিদিন সকালে কারখানার আশপাশে আসেন। তাঁরা ছবি হাতে, মলিন মুখে অপেক্ষা করেন স্বজনদের সন্ধানের আশায়। দিনশেষে সন্ধান না পেয়ে মলিন মুখে ফিরে যান তাঁরা।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, আগুনে পুড়ে ছয়জনের মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে লাশের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তিনি বলেন, ১১ জন শ্রমিকের পরিবার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, তাদের স্বজনেরা নিখোঁজ রয়েছেন। এর বাইরে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার সময় কারখানায় কতজন ছিলেন, তা গতকাল পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, এ সংখ্যা জানতে কারখানার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই কারখানায় ঢুকতে ও বের হতে ‘আইডি কার্ড পাঞ্চ’ করতে
হতো। পাঞ্চ রেকর্ড পেলে এ সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দুর্ঘটনায় নিখোঁজ নাছির উদ্দিনের স্ত্রী রাশেদা আক্তার এখনো আশায় বুক বেঁধে আছেন। নাছিরের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। রাশেদা আক্তার প্রথম আলোকে বলেন, ৯ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে মুঠোফোনে তাঁর শেষ কথা হয়। এ সময় পরিবারের সঙ্গে ঈদ করতে টঙ্গী থেকে নাছিরের ফেরার কথা ছিল। রাশেদা আক্তার বলেন, তাঁর মন বলছে, স্বামী বেঁচে আছেন। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মামলা: হতাহতের ঘটনায় গত শনিবার রাতে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী একটি মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার। মামলায় টাম্পাকোর চেয়ারম্যান ও সিলেট-৬ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেন (৬৫), স্ত্রী মোসা. পারভীন (৫৮), ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদ (৪০), মেয়ে ও পরিচালক আদিবা পারভীন (৩২), মেয়ের জামাই ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শফি সামী (৪০), কারখানার মহাব্যবস্থাপক (জিএম) শফিকুর রহমান (৫৫), ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন (৫০), ব্যবস্থাপক (সার্বিক) সমীর আহম্মেদ (৩৫), ডিএমডি আলমগীর হোসেন (৪৮) ও ব্যবস্থাপক (নিরাপত্তা) হানিফ (৪২)। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ, ত্রুটিপূর্ণ গ্যাসলাইন ও বয়লার মেরামত না করা এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে পূর্বপরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়ে শ্রমিক-পথচারীদের হত্যা ও গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ১২ সেপ্টেম্বর কারখানার মালিকসহ আটজনের বিরুদ্ধে একই থানায় হত্যা মামলা করেন কারখানায় নিহত শ্রমিক জুয়েল মিয়ার বাবা আবদুল কাদির। এ মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানিয়েছেন।

আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণের দাবি: গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।

জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশ হয়।

দুর্ঘটনার নয় দিন পরও অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও গাজীপুরের জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। প্রত্যেক কমিটির তদন্ত চলছে।

(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন গাজীপুর প্রতিনিধি ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি)