জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপাচার্য ফারজানা ইসলাম দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যে গত সোমবার রাতে ওই নিয়োগ দিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা। সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ১০ জনকে। তাঁরা হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সিকদার জুলকারনাইন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার ও প্রভাষক মাহমুদুল হাসান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নিগার সুলতানা, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক শেখ আদনান ফাহাদ, প্রাণিবিদ্যার প্রভাষক মো. ইনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মেহেদী ইকবাল ও প্রভাষক তানজিনুল হক মোল্লা।
সোমবার পদত্যাগ করেন প্রক্টর মুজিবুর রহমান। এরপর সহকারী প্রক্টর কাজী সাইফুল ইসলাম, ইব্রাহিম খালেদ, শামীমা নাসরিন জলি, মীর মাসুদুল আলম ও এম এম ময়েজ উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়।