১১ সালের প্রশ্নে ১৩ সালের পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি কেন্দ্রে কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে গত রোববার বাংলা প্রথম পত্রে ২০১১ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। একই দিন বরগুনার বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একজন শিক্ষার্থীকে ২০১১ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী উপজেলার কমল কুঁড়ি বিদ্যানিকেতনের ছাত্র কমলেশ হালদার, প্রবীণ সরকার ও কমলেশ কৃত্তনীয়া জানায়, পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে কর্তব্যরত শিক্ষককে জানালেও ওই শিক্ষক এ ব্যাপারে কোনো সমাধান না দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য চাপ দেন।সহকারী কেন্দ্রসচিব ও কমল কুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এটা শিক্ষার্থীদের অভিযোগ। কিন্তু কতজন পরীক্ষার্থী ২০১১ সালের প্রশ্নপত্র পেয়েছে, সে তথ্য আমাদের কাছে নেই।’ তিনি আরও বলেন, ‘পরীক্ষার পর যখন ঘটনা শুনেছি, ততক্ষণে উত্তরপত্র প্যাকেট হয়ে থানায় পৌঁছে গেছে। এ কারণে উত্তরপত্রগুলো পরীক্ষা করা সম্ভব হয়নি।’উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনার রশীদ বলেন, ‘তিনজন শিক্ষার্থী আমাদের কাছে এসে অভিযোগ করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে শিক্ষা বোর্ডে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাইয়ান আক্তার অভিযোগ করে, পরীক্ষার বহুনির্বাচনী অংশে তাকে ২০১১ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ কারণে সে অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারেনি। পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে জানতে পারে, তাকে চলতি বছরের প্রশ্ন দেওয়া হয়নি। বিষয়টি কেন্দ্রসচিবকে অবিহত করা হয়েছে। সরবরাহকৃত প্রশ্নপত্রে উল্লেখ রয়েছে, বহুনির্বাচনী অভীক্ষা। বাংলা (আবশ্যিক) ২০১১ সালের পাঠ্যসূচি অনুযায়ী। প্রশ্নপত্র খ সেট, যার কোড নম্বর ৭০৬/২০১১। কিন্তু এ বছর পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের কোড ছিল ৭০৩/২০১৩।কেন্দ্রসচিব গোলাম কবির বলেন, কক্ষপরিদর্শকের ভুলে একজন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করা হয়েছিল। বিষয়টি বোর্ডে জানানো হয়েছে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘২০১১ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে পুরোনো বছরের শিক্ষার্থীদের জন্য। ওই শিক্ষার্থীর উচিত ছিল প্রশ্ন দেখে সঙ্গে সঙ্গে অভিযোগ করা। তার পরও আমরা বিষয়টি অবশ্যই বিবেচনায় নেব।’