১১ সেতু ও দুটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট সড়কে নবনির্মিত ১১টি সেতু এবং কুমিল্লা ও আশুগঞ্জে ২টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব উদ্বোধন করেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: প্রধানমন্ত্রী গণভবন থেকে সুনামগঞ্জে ভিডিও কনফারেন্সের সংযুক্ত হওয়ার পর সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী সেতুগুলো উদ্বোধন করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। সুনামগঞ্জ-সিলেট সড়কে এই ১১ সেতু নির্মাণে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে।
কুমিল্লা: পদুয়ারবাজার এলাকায় অবস্থিত জাঙ্গালিয়ায় ৫২ দশমিক ২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি ওই কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মো. তাজুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। জেলা প্রশাসক বলেন, জাঙ্গালিয়া এলাকার তিন একর জায়গা নিয়ে ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করতে ৪২৫ কোটি টাকা ব্যয় হয়।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র (এসটি ইউনিট) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, সংরক্ষিত মহিলা সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।