সিলেট নগরের ১১টি সড়কের স্থানে স্থানে খানাখন্দ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। প্রতিনিয়ত ভোগান্তিকে সঙ্গী করে পথ চলতে হচ্ছে স্থানীয় লোকজনকে। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সংস্কারকাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ভুক্তভোগী লোকজনের অভিযোগ, বর্ষা মৌসুম শেষ হলেও দ্রুতগতিতে কাজ শুরু না হওয়াটা সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতাকেই প্রমাণ করে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের ধোপাদীঘিরপার, সোবহানীঘাট, হাওয়াপাড়া, নবাব রোড, ঘাসিটোলা, ভাতালিয়া, শাহজালাল মাজার রোড, রিকাবীবাজার, কাজীরবাজার, পাঠানটোলা ও কদমতলী এলাকার প্রধান সড়কের স্থানে স্থানে খানাখন্দ রয়েছে। ভাঙাচোরা এসব সড়ক দিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। প্রায় দেড় বছর ধরে এমন অবস্থা চলছে বলে স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের আওতাধীন এসব সড়ক দীর্ঘদিন ধরেই সংস্কারহীন অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন অংশ এবড়োখেবড়ো হওয়ায় প্রায়ই সড়কগুলোতে যানবাহন উল্টে পড়ে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। এ ছাড়া এসব সড়কে সার্বক্ষণিক ধুলা উড়ছে।
এসব এলাকার ১৭ জন বাসিন্দা জানান, গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সড়কগুলো প্রায় দেড় বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা সড়কে যাতায়াত করতে গিয়ে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে রোগীদের নাজেহাল হতে হচ্ছে। তাই দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ শাখার সভাপতি সালমান আহমদ অভিযোগ করেন, ‘নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ থাকায় বিশেষ করে অটোরিকশা ও রিকশা জাতীয় যানবাহনকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে চালক ও যাত্রী উভয়েই আহত হচ্ছেন।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে নগরের ভাতালিয়া, নবাব রোড, পাঠানটোলা ও সোবহানীঘাট এলাকায় সড়কের সংস্কারকাজ শুরু করেছিল সিটি করপোরেশন। বর্ষা চলে আসায় সে কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। তবে কয়েক দিন আগে এসব এলাকার নর্দমা সংস্কারের কাজ শুরু হলেও এখনো রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। এর বাইরে ধোপাদীঘিরপার, শাহজালাল মাজার রোড, হাওয়াপাড়া, রিকাবীবাজার, ঘাসিটোলা, কাজীরবাজার ও কদমতলী এলাকার সড়কগুলোর কিছু স্থানে ভাঙাচোরা থাকলেও তা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘বর্ষার আগে যেসব সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল, বর্ষা শেষে এগুলোর কাজ পুনরায় শুরু হয়েছে। আগে এসব সড়ক-সংলগ্ন নর্দমার কাজ শেষ হবে, এরপর সড়কের কাজ শুরু হবে। এর বাইরে অন্য সড়কগুলোর সংস্কারকাজও শিগগির শুরু হবে।’