১১ হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে লাপাত্তা
উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আত্মগোপন করেছেন রাজশাহীর বাগমারার চরমপন্থী ক্যাডার আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবু (৩৫)। পুলিশ তাঁকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও তাঁর কোনো হদিস খুঁজে পায়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, আবদুর রাজ্জাক চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা ও ১১টি হত্যা মামলার আসামি। তিনি উপজেলার তাহেরপুরের হুদা সরকারের ছেলে। এত বড় সন্ত্রাসী কারাগার থেকে বেরিয়ে আত্মগোপন করায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মুক্তি পাওয়ার পর তাঁরা বিষয়টি জেনেছেন। পরে তাঁর বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েও আর তাঁকে পাওয়া যায়নি। তাঁর ওপর নজর রাখার নির্দেশ থাকলেও আত্মগোপন করায় তা সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আবদুর রাজ্জাকের মুক্তির বিষয়টি তাঁরাও পরে জেনেছেন। তবে তাঁর অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তিনি দেশের বাইরে পালিয়ে যেতে পারেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আশঙ্কা করছেন।
হত্যা মামলার বাদী তিনটি পরিবারের সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সন্ত্রাসী আত্মগোপন করায় কখন আবার কী ঘটে যায়, এ চিন্তায় তাঁরা এখন আতঙ্কের মধ্যে আছেন।
পুলিশ সূত্র জানায়, আবদুর রাজ্জাককে ২০০৪ সালে প্রথম ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে তিন সহযোগী জুয়েল রানা, তারেক, সফিসহ গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে সফি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। অপর দুজন জামিনে আগেই মুক্তি পান। আবদুর রাজ্জাককে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরে বিভিন্ন মামলায় তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময়ে তিনি উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ, তাহেরপুর পৌরসভার মেয়র আলো খন্দকার, জাপা নেতা মোনাক্কা ও বিএনপির নেতা আবদুল ওয়াহেদ মণ্ডল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। আটক থাকা অবস্থায় দুটি মামলায় তাঁর সাজাও হয়। প্রায় ১০ বছর পর ১৯ জানুয়ারি জামিনে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
আবদুর রাজ্জাকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কারাগারের ডেপুটি জেলার আবদুল্লাহেল ওয়ারেস। তিনি জানান, আগে থেকে অধিকাংশ মামলায় জামিন হলেও একটি মামলায় আবদুর রাজ্জাক আটক ছিলেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ওই দিন সন্ধ্যায় তিনি কারাগার থেকে বের হন।