১১ হাজতিকে শাস্তি, কাজ শুরু করেছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হট্টগোলের ঘটনায় জড়িত সন্দেহভাজন ১১ হাজতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। তাঁদের এক সেল থেকে আরেক সেলে শাস্তিমূলক স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কর্তৃপক্ষ। এদিকে ঘটনা তদন্তে কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুর রহমানকে প্রধান করে গত রোববার রাতে একটি কমিটি করা হয়েছে। গতকাল সকাল থেকে কমিটি কাজ শুরু করেছে। চট্টগ্রাম কারাগারের ১৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন হাজতি কারাগারে অবাধ বিচরণ, সস্তা দামে খাবার সরবরাহসহ কয়েকটি দাবিতে গত রোববার বিকেলে একজন কারারক্ষী ও বিদেশি এক বন্দীকে জিম্মি করে মারধর করে। এ সময় দায়িত্ব পালনরত প্রধান কারারক্ষী নূরুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে নূরুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত কমিটির প্রধান ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রোববারের ঘটনা বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে। ১৮-২৪ বছর বয়সী কয়েকজন হাজতি এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা সংশ্লিষ্ট সবার বক্তব্য নথিভুক্ত করার পর একটা সিদ্ধান্তে আসতে পারব।’