চট্টগ্রাম কারাগারে হট্টগোলের ঘটনায় ১১ জন হাজতিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল আলম বাদী হয়ে গত সোমবার রাতে মামলাটি করেন।মামলার আসামিরা হলেন রাজু, হজরত আলী, জসিমউদ্দিন, গিয়াসউদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. জুয়েল, লিটু হোসেন, রানা চক্রবর্তী, তোফায়েল আহমদ, শেখ মোহাম্মদ ও সাজ্জাদ হোসেন। তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে জড়ো হয়ে সরকারি কাজে বাধা দেওয়া, আঘাত করা, জিম্মি করে হত্যার চেষ্টা এবং ভাঙচুর করে সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। আসামিরা সবাই কারাগারে আছেন।১৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন হাজতি কারাগারে অবাধ বিচরণ, সস্তায় খাবার সরবরাহসহ বিভিন্ন দাবিতে গত রোববার বিকেলে একজন কারারক্ষী ও একজন বিদেশি বন্দীকে জিম্মি করলে চট্টগ্রাম কারাগারে হট্টগোল হয়। এ সময় প্রধান কারারক্ষী নূরুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়।কোতোয়ালি থানা সূত্র জানায়, কারা কর্তৃপক্ষ প্রথমে ১১ হাজতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডি মামলায় রূপান্তর হয়। এ ছাড়া কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি ঘটনার তদন্ত করছে। আজ বুধবার তদন্ত শেষ হবে।তদন্ত কমিটির প্রধান ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার (আজ) তদন্ত শেষ হবে। আসলে কম বয়সী ১১ জন হাজতি কারাবিধির বাইরে কিছু অযৌক্তিক দাবি আদায়ের জন্য কারারক্ষী ও বিদেশি বন্দীকে জিম্মি করেন। বিষয়টি অন্য হাজতিরা পছন্দ করেননি। ওই ১১ হাজতির বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে।