অযত্ন আর অবহেলার মধ্যে বেড়ে উঠছে বরগুনা শহরের দৃষ্টিপ্রতিবন্ধী খুদে শিক্ষার্থীরা। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় এই শিক্ষার্থীরা পড়াশোনা করছে। জেলার আরও প্রায় ১১ হাজার প্রতিবন্ধী মানুষও নানা রকম বঞ্চনার শিকার হচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা নেই। এতে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা নিরুৎসাহিত হচ্ছে। পড়ছে পিছিয়ে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় শহরের ডিকেপি রোডে ১০ আসনের একটি ছোট ভবনে চলছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান কার্যক্রম। এটি ছাড়া জেলায় প্রতিবন্ধীদের আলাদা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। একজন গৃহশিক্ষক দিয়ে চলছে এ বিদ্যালয়ের পাঠদান। শিক্ষার্থী রয়েছে পাঁচজন। পাশাপাশি প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা, বাজার করাসহ অন্য সব কাজই তাঁকে করতে হয়। সপ্তম শ্রেণীর ছাত্র কাওসার অভিমান করে বলে, ‘আমাদের প্রতিদিন যে খাবার দেওয়া হয় তা খাওয়ার যোগ্য নয়। বছরে একটি প্যান্ট ও দুটি জামা দেওয়া হয়।’ শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের খাবারের জন্য দৈনিক বরাদ্দ জনপ্রতি ৫০ টাকা। এই টাকা দিয়ে একজন শিক্ষার্থীকে তিন বেলা ন্যূনতম খাবার দেওয়া অসম্ভব।’ জেলা সদরে দুটি সরকারি উচ্চবিদ্যালয় ও দুটি সরকারি কলেজ থাকলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের উপযোগী রাস্তা ও সিঁড়ি, পাঠদানের জন্য আলাদা শিক্ষক ও পাঠদান পদ্ধতি না থাকায় তারা পড়তে পারছে না। অনুসন্ধানে আরও জানা যায়, জেলায় প্রায় ১১ হাজার প্রতিবন্ধী মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে বিদ্যালয় গমনোপযোগী শিশু ও প্রাপ্তবয়স্করা আর্থিক অনটন ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার সুযোগ পায় না। একদিকে প্রতিবন্ধিত্ব, অন্যদিকে নানা বঞ্চনায় পারিবারিক পরিমণ্ডলেও তারা মানসিক কষ্ট দিন কাটায়। অধিদপ্তরের সূত্র অনুযায়ী, জেলায় প্রতিবন্ধী রয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে অর্ধেকই শিশু-কিশোর। তবে বেসরকারি সংস্থাগুলোর হিসাবে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় দ্বিগুণ। এত প্রতিবন্ধীর মধ্যে অধিদপ্তরের সনদধারী রয়েছে মাত্র ৭০৩ জন। কর্মকর্তারা জানান, এখানে দুই হাজার সাতজন অসচ্ছল প্রতিবন্ধীকে মাসিক ৩০০ টাকা করে এবং ১৮৪ জনকে বিভিন্ন অঙ্কে শিক্ষা-ভাতা দেওয়া হচ্ছে। শিক্ষা-ভাতা পাওয়া ব্যক্তিদের মধ্যে প্রাথমিক স্তরে ৩০০ টাকা করে পাচ্ছে ১৩১ জন, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা করে ৩৬ জন ও উচ্চমাধ্যমিক স্তরে ৬০০ টাকা করে পাচ্ছে ১০ জন। আর উচ্চতর শ্রেণীতে সাতজনকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আ. মান্নান বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ বাড়ানোর ব্যাপারে সরকারের নজর রয়েছে।’