১১টার পর শুরু, দুইটার আগে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন এক জনপদ। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে দপ্তরভিত্তিক সেবা ব্যাহত হচ্ছে—এই অভিযোগ উপজেলাবাসীর। মাঝেমধ্যে যেসব কর্মকর্তা আসছেন, তাঁরাও বেলা সাড়ে ১১টার পরে কার্যালয়ে ঢোকেন আর দুইটার পর চলে যান।
উপজেলার দেউঘর ইউনিয়নের আলীনগর গ্রামের সেবাপ্রত্যাশী সবুর মিয়া (৫৫) বলেন, ‘আমরা নাই আর নাইয়ের মধ্যে আছি। স্যারেরা আইলেও সাড়ে ১১টার আগে আর দুইটার পরে পাওয়া যায় না। সবুর মিয়ার মতো আরও অনেকে যুক্তি তুলে ধরে বলেন, এই উপজেলায় যাঁরা চাকরি করতে আসেন, তাঁদের বেশির ভাগ কর্মস্থলে থাকেন না। পরিবার নিয়ে থাকেন ঢাকা বা জেলা সদর কিশোরগঞ্জ, না হয় ভৈরবে।
অষ্টগ্রামের সঙ্গে ওই সব এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ—একই জেলার কুলিয়ারচর থেকে লঞ্চযোগে। কুলিয়ারচর থেকে অষ্টগ্রামের উদ্দেশে প্রথম লঞ্চটি ছেড়ে আসে সকাল সাড়ে আটটায়৷ ওই লঞ্চটি অষ্টগ্রামে পৌঁছে বেলা সাড়ে ১১টায়। কর্মকর্তারা মূলত ওই লঞ্চের যাত্রী হওয়ার কারণে তাঁদের পক্ষে সাড়ে ১১টার আগে আসা সম্ভব হয় না। আবার অষ্টগ্রাম থেকে একই গন্তেব্যের শেষ লঞ্চটি বেলা দুইটায়। সুতরাং বাড়ি ফিরতে ওই লঞ্চের যাত্রী হওয়ার কারণে দুইটার আগেই সবাইকে কার্যালয় ছাড়তে হয়।
এলাকাবাসী জানালেন, গণ-অনুপস্থিতি এবং বিলম্বে অনুপস্থিতির বিষয়টি হাওরবাসীর জানা হয়ে যাওয়ার কারণে সবাই এখন সরকারি সেবাবিমুখ হয়ে পড়েছেন। আর এর নেতিবাচক প্রভাব পড়ছে হাওরবাসীর জীবনে।
গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, শুধু উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন ছাড়া আর কোনো কর্মকর্তা নিজ কার্যালয়ে ছিলেন না। এই সময়ের মধ্যে উপজেলা কৃষি, মৎস্য, খাদ্য ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়টি ছিল তালাবদ্ধ।
সকাল ১০টায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে দেখা যায়, অফিস সহকারী সাইফুল ইসলাম হাতাকাটা গেঞ্জি গায়ে বারান্দায় বসে মাছ কাটছেন। জনস্বাস্থ্য কর্মকর্তা ওয়ালিউর রহমান না আসার কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘স্যার কোথায় যে গেছে বলে যায়নি।’ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের দপ্তরটি খোলা হয় সকাল সোয়া নয়টায়। দরজা খুলে ঝাড়ু দিচ্ছিলেন আ. ছোবহান। তিনি বলেন, ‘স্যার আসবেন’। পরে ওই কর্মকর্তার সঙ্গে এই প্রতিবেদকের দেখা হয় বেলা দুইটায় অষ্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া লঞ্চটিতে। লঞ্চে বসে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, তাঁর বাড়ি ময়মনসিংহে। তিনি বাড়ি ফিরছেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী লালন আহমেদ তাঁর স্যারের অনুপস্থিতি সম্পর্কে বলেন, স্যার (আহসান উল্যাহ) বিশেষ কাজে বাইরে আছেন। সমবায় দপ্তরের অফিস সহকারী এমদাদ উল্লাহ তাঁর স্যার ( সিরাজ উদ্দিন) না আসার কারণ জানেন না বলে জানান।
উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. লতিফ তালুকদার এই মাত্র বের হয়ে গেলেন—এই তথ্য জানালেন অফিস সহকারী সোহেল মিয়া।
নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস সহকারী শাহ আলম লুঙ্গি পরে বসে আছেন। নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন কাজে বাইরে থাকার কথা জানিয়েছেন। প্রািণসম্পদ কর্মকর্তার দপ্তরে গিয়ে দেখা যায়, সেবা প্রত্যাশীরা গবাদিপশু নিয়ে মাঠে অপেক্ষা করছেন। কর্মকর্তার অবস্থান জানতে চাইলে ভেটেরিনারি মাঠ সহকারি আ. হামিদ বলেন, ‘স্যার (মিজানুর রহমান) অফিসের আশপাশেই রয়েছেন।’ সমাজসেবা অফিসের দপ্তর খোলা থাকলেও কাউকে পাওয়া যায়নি।
ইউএনও’র দপ্তরে গিয়ে তাঁকেও পাওয়া যায়নি। নিজ দপ্তরে ছিলেন না উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামও। জানা যায়, তিনি এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। মুঠোফোনে ইউএনও মোহাম্মদ মহসিন বলেন, ‘বুধবার অষ্টগ্রামে মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন। এই কারণে কর্মকর্তারা কয়েক দিন টানা কাজ করেছেন। এ কারণে বৃহস্পতিবার সবার আসতে একটু দেরি হয়ে থাকতে পারে।’