১১টায়ও ভোটারের দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ছলিমউদ্দিন তরফদার (কলস)। তবে গতকাল রোববার বেলা ১১টার দিকে বদলগাছী উপজেলার খাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা মেলেনি।
বেলা ১১টায় ওই কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের ভেতরে পুরুষ ও নারী বুথের লাইন ফাঁকা। ভোটকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা বিদ্যালয় মাঠে চেয়ার ফেলে বসে আছেন। সাংবাদিক পরিচয় পেয়ে পুলিশের এক সদস্য এই প্রতিবেদককে নিয়ে যান প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা আবু মো. হাসনাত প্রথম আলোকে জানান, এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা তিন হাজার ৮০০। বেলা ১১টা পাঁচ মিনিট পর্যন্ত আনুমানিক ৯০টি ভোট পড়েছে।
পুরুষ ও নারী বুথ ফাঁকা থাকা প্রসঙ্গে আবু মো. হাসনাত জানান, যাঁরা ভোট দিতে আসছেন তাঁরা সরাসরি ভেতরে ঢুকে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এ কারণে বুথে লোকজন নেই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে ভোটকেন্দ্রের বাইরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে আকরাম হোসেন চৌধুরীর অবস্থান ভালো নয়। আওয়ামী লীগ-সমর্থিত অধিকাংশ লোকজনই ছলিমউদ্দিন তরফদারের পক্ষে কাজ করছেন।
আওয়ামী লীগের সমর্থক ও খাদাইল নগর গ্রামের বাসিন্দা আতাউর রহমান জানান, তাঁরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। আকরাম হোসেন চৌধুরীর এজেন্ট হবেন, অনেক জায়গায় এমন লোকও ছিল না।