১১টায়ও সরকারি কার্যালয়ে কর্মকর্তারা অনুপস্থিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সাতটি গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চলছে। এতে সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। বছরের প্রথম দিন গত রোববার অনেকেই নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও অফিসে আসেননি।রোববার সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, নির্বাচন অফিসের সার্ভার স্টেশনে নিচতলার সব কক্ষ তালাবদ্ধ। দ্বিতীয় তলায় নির্বাচন কর্মকর্তার কক্ষটি খোলা, কিন্তু কক্ষে কেউ নেই। পাশে কম্পিউটার অপারেটরের কক্ষটিও তালাবদ্ধ। পাশের ভবনে উপজেলা প্রকৌশলীর কক্ষটি খোলা থাকলেও তিনি নেই। সমাজসেবা কর্মকর্তার কক্ষটিও তালাবদ্ধ। কৃষি কর্মকর্তার কক্ষটি খোলা, কিন্তু তিনি কক্ষে নেই। বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জের বাড়ি থেকে কৃষি কর্মকর্তা নুরুল হক অফিসে আসেন। তিনি জানান, গোয়ালন্দ ঘাটে বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালককে অভ্যর্থনা জানাতে গিয়ে অফিসে আসতে দেরি হয়েছে। সমবায় কর্মকর্তার কক্ষেও কেউ নেই। পিয়ন আকতারুজ্জামান জানান, আপা এসেছেন, একটু বাইরে গেছেন। তবে বেলা ১১টায়ও তিনি ফেরেননি। মৎস্য কর্মকর্তার কক্ষের অপেক্ষমাণ পিয়ন কোরবান আলী জানান, স্যার রাজবাড়ীতে মিটিংয়ে আছেন। তাই আসতে দেরি হচ্ছে। বেলা ১১টার দিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে কাজ করছিলেন ডাটা এন্ট্রি অপারেটর আলমগীর হোসেন। তিনি জানান, ম্যাডাম বৃহস্পতিবার ঢাকায় গেছেন। রোববার ফেরার কথা, কিন্তু এখনো ফেরেননি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন গত ১৫ সেপ্টেম্বর বদলি হওয়ার পর এই পদে রাজবাড়ী সদর ইউএনও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পাশের কার্যালয়ে মহিলাবিষয়ক কর্মকর্তার কক্ষে তিনি নেই। অফিস সহকারী মালেকা সামসাদ জানান, আপা ঢাকায় গেছেন, ঢাকা থেকে রাজবাড়ীতে মিটিংয়ে যাবেন।জনস্বাস্থ্য প্রকৌশলীর কক্ষটিও তালাবদ্ধ। কর্মচারী মোয়াজ্জেম হোসেন জানান, দুই বছর ধরে এ পদে কোনো কর্মকর্তা নেই। সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী মিল্লাত রাজবাড়ীতে বদলি হওয়ার পর তিনিই রাজবাড়ী, গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।প্রাণিসম্পদ কর্মকর্তা বেলা ১১টায়ও অফিসে আসেননি। ভেটেরিনারি কম্পাউন্ডার প্রদীব কুমার বিশ্বাস জানান, প্রাণিসম্পদ কর্মকর্তার রাজবাড়ীতে মিটিং শেষে বিকেলে ফেরার কথা।অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজবাড়ী সদর ইউএনও এরাদুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক কর্মকর্তাই নেই। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল নয়টা থেকে নিজ দপ্তরে সবার উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিষয়টি নিয়ে সব দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বসব।’