১১টি উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ, গফরগাঁওয়ে হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মীদের হামলায় ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ ওরফে কমল (২৪) নিহত হওয়ার প্রতিবাদে জেলার ১১টি উপজেলায় গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
তবে গফরগাঁওয়ে ছাত্রদল কোনো কর্মসূচি পালন করেনি। ক্ষমতাসীন দলের লোকজন আক্রমণ করতে পারেন—এই ভয়ে গফরগাঁওয়ে কোনো কর্মসূচি পালন করা হয়নি বলে জানিয়েছেন জেলা ও গফরগাঁও উপজেলার ছাত্রদলের নেতারা।
জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইবনে আজাদকে হত্যার প্রতিবাদে গতকাল সদর উপজেলা বাদে বাকি ১২টি উপজেলায় মিছিল ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী গতকাল গফরগাঁও ছাড়া ১১টি উপজেলায় বিক্ষোভ মিছিল এবং ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল।
মামলা: ইবনে আজাদ নিহত হওয়ার ঘটনার প্রায় ২৭ ঘণ্টা পর গতকাল তাঁর মা নুরুন্নাহার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় শাহবুল, বিপ্লব ও রাফসান নামের ছাত্রলীগের তিন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনকে আসামি করা হয়েছে।