১১টি খুঁটি হেলে পড়ে বিদ্যুৎ বন্ধ
ভারী বৃষ্টিতে নিচের মাটি সরে যাওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের পাশ দিয়ে টানানো পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৩৩ কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১১টি খুঁটি গত শুক্রবার গভীর রাতে হেলে পড়েছে। এতে বড়লেখা ও জুড়ী উপজেলায় পবিসের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পবিসের প্রকৌশলীদের সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া উপজেলার গ্রিড উপকেন্দ্র থেকে টানানো বিদ্যুৎ সঞ্চালন লাইনটি বড়লেখা উপজেলায় পবিসের উপকেন্দ্র পর্যন্ত গেছে। প্রায় দুই বছর আগে লাইনটি স্থাপন করা হয়েছিল। বড়লেখা উপকেন্দ্র থেকে ওই উপজেলাসহ পাশের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকার ৪২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুক্রবার বিকেল থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছিল। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে খুঁটি হেলে পড়লে পবিসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গতকাল বেলা একটার দিকে দেখা গেছে, কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের কুলাউড়া উপজেলার আছুরিঘাট সেতুর কাছে সঞ্চালন লাইনের ১১টি খুঁটি হেলে আছে। পবিসের প্রকৌশলী ও লাইনম্যানরা খুঁটিগুলো সোজা করার চেষ্টা চালাচ্ছেন।
পিডিবির এক প্রকৌশলী বলেন, সড়কের বিপরীত পাশে পিডিবির একই ধরনের একটি সঞ্চালন লাইন রয়েছে। সেটির প্রতিটি খুঁটির গোড়া ঢালাই করা। অথচ পবিসের খুঁটিতে ঢালাই নেই। সে কারণে বৃষ্টিতে নিচের মাটি সরে খুঁটিগুলো হেলে পড়েছে।
পবিসের বড়লেখা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নীলমাধব বণিক বলেন, কখন বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে, তা তিনি জানেন না।