১১টি গ্রাম প্লাবিত, ভেসে গেছে ২০০ ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের মাদিয়ায় খোলপেটুয়া নদীর পাউবোর বাঁধ ভেঙে মাদিয়া এলাকায় পানি ঢুকছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের মাদিয়ায় খোলপেটুয়া নদীর পাউবোর বাঁধ ভেঙে মাদিয়া এলাকায় পানি ঢুকছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিিন ইউনিয়নে খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের প্রায় ৫০০ ফুট গতকাল রোববার ভেঙে গেছে। এতে ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে দুই শতাধিক চিংড়িঘের।
স্থানীয় লোকজন জানান, বুড়িগোয়ালিিন ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া-মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধের ৫০০-৬০০ ফুট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। চিংড়িঘেরে লবণপানি ঢোকাতে বাঁধ ছিদ্র করা বা কাটায় এ দশা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নদীতে জোয়ারের সময় পানির চাপ বেড়ে যাওয়ায় হঠাৎ বাঁধের ওই অংশ ভেঙে যায়। নদীর লবণপানি তীব্র বেগে লোকালয়ে ঢুকে পড়ে। অধিকাংশ পরিবারের বাড়ির আঙিনা পানিতে ডুবে যায়। ভেসে যায় চিংড়িঘের।
বুড়িয়োগালিিন ইউনিয়নের ভবতোষ কুমার মণ্ডল ও মাদিয়া গ্রামের দ্বীনবন্ধু সরদার বলেন, কয়েক মাস ধরে খোলপেটুয়া নদীর মাদিয়ার পাউবোর বেড়িবাঁধে ভাঙন চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জোয়ারের পানির তোড়ে প্রায় ৫০০ ফুট এলাকা বিলীন হয়। দুই ঘণ্টার মধ্যে বুড়িগোয়ালিিন ও আঠুলিয়া ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় ছোট-বড় প্রায় ২০০ চিংড়িঘের। ইতিমধ্যে মাদিয়া গ্রামের সুবীর মণ্ডল, লক্ষ্মীরানী মণ্ডল, দীনবন্ধু মণ্ডলসহ অনেকের পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
বুড়িগোয়ালিিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। জোয়ার না কমা পর্যন্ত বাঁধ মেরামত করা সম্ভব নয়। ইতিমধ্যে আড়পাঙ্গাশিয়া, মাদিয়া, দুর্গাবাটি, মাঝেরআটি, বুড়িগোয়ালিিন, পোড়াকাটলা, বীরসিংহ, গায়েরআটি, হশ্বমোড়লেরপাড়া, ছোটকুপট, তালবাড়িয়া গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের বাসিন্দা অরবিন্দু মণ্ডল, তপন মণ্ডল, সুবীর মণ্ডল, কালীকিংকর মাখাল, ননী মাখাল, রহিত দাস, অসিম জোয়াদ্দার, স্বপন গাতিদার, দীনবন্ধু গাতিদার, খোকা মণ্ডল, আবদুল হামিদ, বিজয় মণ্ডলের চিংড়িঘেরসহ অন্তত ২০০ ঘের ভেসে গেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, গত ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় পাউবোর উপকূল রক্ষা বাঁধের গাবুরা, বুড়িগোয়ালিিন, গদ্মপুকুর, কৈখালী ও রমজাননগর ইউনিয়নের ২৩টি ঝুঁকিপূর্ণ স্থানের তালিকা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। দ্রুত মেরামতের জন্য তাগিদ দেওয়া হয়েছে। ওই তালিকায় মাদিয়ার নামও রয়েছে। এখন কীভাবে দ্রুত বাঁধ মেরামত করে ক্ষতিগ্রস্ত লোকজনকে বাঁচানো যায় তার চেষ্টা চলছে।
শ্যামনগর উপজেলার পাউবো শাখা কর্মকর্তা (এসও) নিখিল দত্ত বলেন, আগে থেকে ওই স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল। আগেই ওই এলাকা মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। জোয়ারের প্রবল চাপে দ্রুত বাঁধ ভেঙে নদীতে চলে গেছে। রাতে জোয়ার বাড়বে। জোয়ার না কমলে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।