১১টি পুলিশ বক্স এখন অপরাধীদের আড্ডাস্থল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সড়কের ১১টি স্থানে নির্মিত পুলিশ বক্স ব্যবহূত না হওয়ায় সেগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। পুলিশ বক্সগুলো এখন মাদকসেবীদের আড্ডাস্থল এবং গণশৌচাগারে পরিণত হয়েছে।পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগুড়া-নওগাঁ, দুপচাঁচিয়া-আক্কেলপুর ও দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কে রাতে ছিনতাই-ডাকাতি রোধে দায়িত্বরত পুলিশ সদস্যদের আশ্রয়ের জন্য বিভিন্ন অপরাধপ্রবণ স্থানগুলোতে ১১টি পুলিশ বক্স নির্মাণ করা হয়।১৯৮৬-৮৭ সালে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া, কাহালুর দরগাহাট ক্যালার পুকুর, বাজারদিঘী, চৌমহনীর লাল ব্রিজ, আদমদীঘির ছাতিয়ান গ্রাম রাস্তার মোড়, সান্তাহার তিলকপুর রাস্তার মোড় ও পোঁওতা রেলগেটে পুলিশ বক্স নির্মাণ করা হয়। শুরুর দিকে পুলিশ সদস্যরা বক্সগুলো ব্যবহার করলেও আট-নয় বছর ধরে এগুলো ব্যবহূত হচ্ছে না। একই সড়কের বীরকেদারের বাবলাতলা ও সাহারপুকুরের বোয়ালিয়ায় ২০০২ সালে দুটি পুলিশ বক্স নির্মাণ করা হলেও সেগুলো অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের খোলাশ এবং দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের বড় নিলহালীর মোড়ে দুটি পুলিশ বক্স অব্যবহূত অবস্থায় পড়ে আছে। জরাজীর্ণ হয়ে পড়া কয়েকটি পুলিশ বক্সের গ্রিল কেটে নিয়ে গেছে চোরেরা। বেশ কয়েকটি পুলিশ বক্স মাদকসেবীদের আখড়া এবং কয়েকটি গণশৌচাগারে পরিণত হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, একেকটি পুলিশ বক্স নির্মাণে ৫৫ হাজার থেকে ৭২ হাজার টাকা ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের তহবিল থেকে এ টাকা ব্যয় করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, একসময় এই এলাকায় পুলিশ সদস্যরা বাইসাইকেল ব্যবহার করতেন। প্রতিকূল আবহাওয়ায় তাঁরা পুলিশ বক্সে আশ্রয় নিতেন। এখন প্রতিটি থানায় পুলিশের পিকআপ ভ্যান আসায় পুলিশ সদস্যদের বাইসাইকেল ব্যবহার করতে হয় না। সূত্র আরও জানায়, রাতে পুলিশ সদস্যরা বক্সে আশ্রয় নিলে অপরাধীদের আক্রমণের আশঙ্কা থাকায় তাঁরা বক্সে না থেকে পিকআপ ভ্যানেই অবস্থান করেন।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, ‘রাতে হাইওয়েতে পুলিশের ডিউটি করার জন্য পুলিশ বক্স নির্মাণ একটি ভালো উদ্যোগ ছিল। কিন্তু বক্সগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, এটা আমার জানা ছিল না। বিষয়টি আইনশৃঙ্খলা সভায় আলোচনায় এনে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে ব্যবহারের উপযোগী করতে হবে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী আশরাফ আলী খান জানান, উপজেলা পরিষদের তহবিল থেকে পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। পুলিশ বক্সগুলো ব্যবহার না করায় এগুলোর অবস্থা খারাপ হয়েছে।বগুড়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আনওয়ার হোসেন বলেন, ‘হাইওয়েতে পুলিশ বক্সের এ অবস্থা তা আমার জানা ছিল না। জেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করে ইউএনওদের দিয়ে ওইগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে।’