১১টি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মজুরিকাঠামো অনুযায়ী বেতনের দাবিতে ঢাকার আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ১১টি কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় প্রায় ১০ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় শ্রমিকেরা সড়ক অবরোধ করে চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।গাজীপুর সদরের কোনাবাড়ীতে এক কারখানায় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। কালিয়াকৈরে একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত-আটজন শ্রমিক আহত হন।নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নতুন কাঠামো অনুযায়ী বেতনের দাবিতে রূপগঞ্জের ভুলতায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক তৈরির কারখানা রবিন টেক্স বিডি লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মূল ফটকে তালা দিয়ে কারখানার ভেতর হামলা চালান। তাঁরা কারখানার কর্মকর্তাদের মারধর করেন এবং অবরোধ করে রাখেন। ভাঙচুর করেন কারখানার আসবাব, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল। শ্রমিকদের হামলায় আহত হন কারখানার নারী কর্মকর্তাসহ প্রায় ১০ জন। ক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। ভাঙচুর করা হয় চার-পাঁচটি যানবাহনে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহত ব্যক্তিদের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা কাজে যোগ দেন।রবিন টেক্স বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক শামীম আহাম্মেদ ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুস সালামও জানান, নতুন মজুরিকাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল। নভেম্বরের অতিরিক্ত টাকাও যাতে ডিসেম্বরে শ্রমিকদের দেওয়া হয়, সে জন্য মালিকের সঙ্গে কথা চলছে। শ্রমিকেরা ভাঙচুরের সময় মূল্যবান জিনিসপত্র লুটে নেন বলেও অভিযোগ করেন ওই দুই কর্মকর্তা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে বেতন বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে রপ্তানিমুখী স্কারলেট গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, কিছু দক্ষ শ্রমিককে পুরোনো গ্রেডভুক্ত করে তাঁদের স্বল্প বেতন দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমএইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, ফতুল্লার কারখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন নিয়ে সৃষ্ট জটিলতা নিষ্পত্তি করা হয়েছে।আশুলিয়া: জানা যায়, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন ও গ্রেডিং পদ্ধতিতে ভুল সংশোধন করার দাবিতে গতকাল সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় স্টারলিংক ক্রিয়েশন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) আলফা পেটেন্ট, ডি কে টেক্সটাইল, গোরাট এলাকার বেভোনিয়ার ফ্যাশন ও জিরাব এলাকার এম কে ফ্যাশনের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। জানা যায়, স্টারলিংক ক্রিয়েশন লিমিটেডের প্রায় আড়াই হাজার শ্রমিক, ডি কে টেক্সটাইলের ৮০০, আলফা পেটেন্টের দেড় হাজার, বেভোনিয়ার ফ্যাশনের এক হাজার এবং এম কে ফ্যাশনের ৭৫০ শ্রমিক সকালে কাজে যোগ দেন। এ সময় এম কে ফ্যাশন কারখানার কর্মকর্তারা অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এক দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন। তবে অন্য চারটি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করলে ওই সব কারখানার শ্রমিকেরা পুনরায় কাজে যোগ দেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন। শিল্পাঞ্চলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।গাজীপুর: কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোবারক হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে কোনাবাড়ী এলাকায় কোরীয় মালিকের এনটিকেসি পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মোজাম্মেল হকের সঙ্গে কিছু শ্রমিকের তর্ক হয়। এ সময় একাধিক শ্রমিক লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা মধ্য পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসে তিন দিনের মধ্যে সমস্যা সমাধানে রাজি হয়। এদিকে বেতনবৈষম্যের অভিযোগ এনে সদর উপজেলার কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টি নিট লিমিটেডের শ্রমিকেরা সকাল সাড়ে আটটা থেকে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। কালিয়াকৈর: কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা (বোর্ড মিল) এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকাল আটটায় কারখানায় এসে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বহিরাগত কিছু শ্রমিকের উসকানিতে শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে একটি প্রাইভেট কার, একটি কাভার্ড ভ্যান, ১০টি কম্পিউটার, টেবিল-চেয়ার ও কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে কারখানা এলাকা ত্যাগ করতে বাধ্য করে। কারখানার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, নতুন কাঠামো অনুযায়ীই শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। শ্রমিকেরা ভুল বুঝে কর্মবিরতি ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছেন।অপরদিকে উপজেলার রতনপুর গ্রামের করনী নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, বেতন বাড়ানোর দাবিতে গত বৃহস্পতিবার শ্রমিকেরা বিক্ষোভ করে কাজ বন্ধ করে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ গতকাল (শনিবার) বেতন বাড়ানোর বিষয় নিয়ে বেঠক করার ঘোষণা দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে জানতে পারেন, বৈঠক হবে না। পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ, গাজীপুর, কালিয়াকৈর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি]