১১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এগুলো হলো: মাধবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়, উজ্জ্বলপুর প্রাথমিক বিদ্যালয়, হালুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, খাটুরা প্রাথমিক বিদ্যালয়, রামেশ্বর প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বাঘাসুরা প্রাথমিক বিদ্যালয়, কাউড়া প্রাথমিক বিদ্যালয়, পাটুলি প্রাথমিক বিদ্যালয়, পুরাইকলা প্রাথমিক বিদ্যালয় ও বরগ প্রাথমিক বিদ্যালয়।দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার জানান, তাঁর বিদ্যালয়ে শিক্ষকের পাঁচটি পদ থাকলেও বর্তমানে তিনজন শিক্ষক কর্মরত। ২০০৯ সালের ১২ এপ্রিল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। এ কারণে বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রধান শিক্ষকের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি হারুনুর রশিদ মহালদার বলেন, হাল ছাড়া নৌকার যে অবস্থা, প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়ের ঠিক একই অবস্থা। সরকারের উচিত দ্রুত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া।উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার বলেন, প্রতি মাসেই প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে।