জমির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মরিচের একটি চারাগাছের ক্ষতি হয়। সহ্য হয়নি জমির মালিকের। বাগিবতণ্ডা থেকে দুই বংশের সৃষ্ট সংঘর্ষে মোহাম্মদ আলী নামে এক ফুটবল খেলোয়াড়ের জীবনপ্রদীপ নিভে যায়। ৪০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরিস্থিতি সামাল দিতে র্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ মাঠে নামে। দুটি মামলায় আসামি করা হয় ৯০০ গ্রামবাসীকে। গ্রেপ্তার হন ২৬ জন।মরিরেচ চারা নিয়ে তুলকালাম ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। সংঘর্ষের দুই পক্ষ বেপারীবাড়ি ও মহরম আলীর বাড়ি। পরে গ্রামের ১০টি বংশ কোনো না কোনো পক্ষের হয়ে সংঘর্ষে অংশ নেয়। ২ নভেম্বর শুরু হওয়া এই সংঘর্ষ ৪ নভেম্বর পর্যন্ত চলে।৪ নভেম্বর গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু শ্রীনগর গ্রামই নয়, ঈদুল আজহার পরদিন থেকে ভৈরবের প্রায় সব কটি ইউনিয়নে ছড়িয়ে পড়ে বিভিন্ন পাড়া ও বংশের মধ্যে সংঘর্ষ। এ কারণে ইউনিয়নবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। ভেঙে পড়ে সামাজিক বন্ধন ও শৃঙ্খলা।অনুসন্ধানে বের হয়ে এসেছে, ঈদের পরদিন থেকে সংঘর্ষ এবারই প্রথম নয়। কয়েক বছর ধরেই এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিটি সংঘর্ষের কারণ অতি সাধারণ ও তুচ্ছ। এবার ঈদের পরদিন থেকে আট দিন ধরে ১১টি সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং প্রায় পৌনে দুই শ মানুষ আহত হয়। ১৪টি ঘর ভাঙচুর হয়। আগুনে পুড়ে যায় পাঁচটি খড়ের গাদা, তিনটি বসতঘর। লুটপাট চালানো হয় ২২টি ঘরে।জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষগুলো ভয়াবহ আকার ধারণ করলেও কারণগুলো ছিল অতি ছোট। সবকিছু দেখে মনে হচ্ছে, শুধু আইন দিয়ে সংঘর্ষ থামানো সম্ভব নয়। তাই মানসিকতার পরিবর্তন ঘটনোর উদ্যোগের কথা ভাবা হচ্ছে।’এলাকাবাসী জানালেন, গ্রামের বেশির ভাগ মানুষ জুতাশ্রমিক। কাজের প্রয়োজনে সারা বছর তাদের বাইরে থাকতে হয়। ঈদেই কেবল জনপথ সরব হয়। ঈদে সংঘবদ্ধভাবে চলাফেরার সময় কারণে-অকারণে সংঘর্ষের সূত্রপাত হচ্ছে। তা ছাড়া গ্রামগুলো অর্থনৈতিকভাবে এগোলেও শিক্ষায় এগোচ্ছে না। মাদক ব্যবসার বিস্তার ঘটছে। রাজনৈতিক ও বংশগতভাবে গ্রামগুলো বিভক্ত। যেকোনো ঘটনা রাজনৈতিক রূপ পাচ্ছে। এসব কারণে গ্রামবাসী সহজে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিশেষ করে, ঈদে ভয়াবহ সংঘর্ষ ঘটছে।কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের সময় সংঘর্ষ করতে কারণ লাগে না। কিছু একটা করতে হবে—এমন ভাবনা থেকে সংঘর্ষ টেনে আনা যায়।শ্রীনগর গ্রামের ফজলু মিয়ার (৬৫) পেশায় গৃহশিক্ষক। স্বচ্ছ সালিসি ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তিনি। ছোট কারণে বড় সংঘর্ষ: ২ নভেম্বর উপজেলার কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের সরকারবাড়ি ও ফুলমিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে ৪৫ জন আহত হয়। এক ব্যক্তির পাঞ্জাবি পরা নিয়ে ঠাট্টা করায় এই সংঘর্ষ হয়। ৩০ ও ৩১ অক্টোবর টানা সংঘর্ষ চলে মিরারচর গ্রামের নয়াবাড়ি ও বড়বাড়ির লোকজনের মধ্যে। আহত হয় ৬০ জন। সংঘর্ষের কারণ ক্রিকেট খেলায় আম্পায়ারের দেওয়া একটি সিদ্ধান্ত। ২৯ অক্টোবর সংঘর্ষ হয় সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। ফুটবল খেলা নিয়ে শাহ হোসেন ও ছেতু মোল্ল্ল্লার বাড়ির লোকজনের মধ্যে এই অপ্রীতিকর ঘটনায় আহত হয় ১২ জন। ২৮ অক্টোবর একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের নামাপাড়া ও নয়াবাড়ির মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়। এর কারণ সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। ১ নভেম্বর আকবরনগর বাসস্ট্যান্ডে বাগিবতণ্ডার সূত্র ধরে কুলিয়ারচর উপজেলার খোকন মিয়া ও হারুন মিয়া নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়।ঈদুল আজহার পরদিন (২৮ অক্টোবর) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে আগানগর গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সংঘর্ষে দুজন আহত হয়। এ ছাড়া অতি সাধারণ বিষয় নিয়ে উপজেলার বাঁশগাড়ী, শিমুলকান্দি, লুন্দিয়া ও আকবরনগর গ্রামে সংঘর্ষ হয়। প্রতিটি ঘটনায় ১০ থেকে ১২ জন করে আহত হয়।